ঢাকা অফিস
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আল কামাল শেখ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, রিমান্ড চলাকালীন আসামি কামাল স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
একই দিন এ মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার কমিটির যুগ্ম সদস্যসচিব মো. হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২১ এপ্রিল আদালত এ মামলায় কামাল শেখসহ তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যরা হলেন আলভী হোসান জুনায়েদ এবং আল আমিন সানি। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়।
ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এ ঘটনার পরের দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথির, মেহেরাব, আবুজর গিফারীসহ ৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।











































