স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তের গোলে অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে দুই ধাপ এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে তিনে উঠল পেপ গুর্দিওলার শিষ্যরা।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে বের্নার্দো সিলভা সপ্তম মিনিটে সিটিকে এগিয়ে নেওয়ার পর ১৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান মার্কাস র্যাশফোর্ড। তবে ম্যাচের পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন মাথেয়াস নুনেস।
সিটি আসরে এই নিয়ে টানা তৃতীয় জয় পেল। অপরাজিত রইল টানা ছয় ম্যাচে। ঘরের মাঠে ভিলার বিপক্ষে লিগে টানা ১৫ ম্যাচ জিতল তারা।
লিগে ৩৪ ম্যাচে ১৮ জয় ও ৭ ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সিটি। ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট চারে ও ৫৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড পাঁচে নেমে গেছে। সমান ৫৭ পয়েন্ট করে নিয়ে চেলসি (৩৩ ম্যাচ) ছয়ে ও ভিলা (৩৪ ম্যাচ) সাতে আছে।
৭৯ পয়েন্ট নিয়ে শিরোপার দুয়ারে লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল দুইয়ে।











































