স্পোর্টস ডেস্ক
সিলেটে চলছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। যেখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে। ব্লেসিং মুজারবানির দ্বিতীয় শিকারে মাঠ ছাড়েন ৩৩ রান করা মাহমুদুল হাসান জয়। মুমিনুল হকের সঙ্গে তিনি দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান তোলেন। তবে ইতিমধ্যে লিড নিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে দলীয় শতকও ছাড়িয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ২৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা শুরু হয়নি। অবশেষে বেলা একটায় তৃতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে।
এর আগে সিলেটে বৃষ্টিতে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন ভেসে গেছে। চা বিরতি হবে ৩টা ২০ মিনিটে।
গতকাল জিম্বাবুয়ের ৮২ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে ২৫ রানে পিছিয়ে থেকে খেলা শেষ করেছিল বাংলাদেশ।
আজ মঙ্গলবার নির্ধারিত সময় সকাল ১০টায় মাঠে নামার কথা ছিল দুই দলের। তবে মাঠে বৃষ্টি হানা দিলে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারেনি টাইগাররা।
সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারালেও দ্বিতীয় দিনে আর বিপদে পড়েনি বাংলাদেশ। দিন শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭। ২৫ রানে পিছিয়ে ছিল তারা।











































