Home আন্তর্জাতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি

15


খুলনাঞ্চল ডেস্ক
রাশিয়া ও ইউক্রেন রবিবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত এই যুদ্ধবিরতি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, পুতিন আকস্মিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে গোলাবর্ষণ ও হামলা অব্যাহত রেখেছে।
ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ৩০ ঘণ্টার যুদ্ধবিরতিকে তিন বছরের যুদ্ধের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিরতি হিসেবে দেখা হচ্ছে।
ইউক্রেনের বিমানবাহিনী রাতভর কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর না দিলেও প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরুর পরও রাশিয়া যুদ্ধক্ষেত্রে হামলা চালিয়েছে।
অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে এবং কিয়েভ শত শত ড্রোন ও গোলাবারুদ নিক্ষেপ করেছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তারা বলেছে, ‘ইস্টারের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনীয় সেনারা রাতে দোনেৎস্ক অঞ্চলে আমাদের অবস্থানে হামলার চেষ্টা চালিয়েছে।’
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেন, এক ড্রোন হামলায় এক নারী ও দুই শিশু আহত হয়েছে।
পাশাপাশি রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলের গোরলভকা শহরের রুশ নিযুক্ত মেয়র ইভান প্রিখোদকো জানান, সেখানে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
ইউক্রেন রবিবার শত শত হামলা ও ড্রোন উৎক্ষেপণের মুখে পড়েছে জানিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে রাশিয়ার মতোই প্রতিক্রিয়া দেখাবে এবং তা অব্যাহত থাকবে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা যুদ্ধবিরতির শর্ত কঠোরভাবে মেনে চলছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে এবং এখন দেশটির প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে।