কয়রা প্রতিনিধি
কয়রার গ্রামীণ জনপদ ঘুরে: আর সপ্তাহ খানেই পরেই তরমুজ ফসল ঘরে ওঠার কথা। বাজারে রসালো তরমুজ বিক্রি করে আয়ের স্বপ্ন দেখছিলেন কৃষক। কিন্তু সে স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে। সৌভাগ্য ধরা দিল না আর। বীজ রোপন থেকে শুরু করে অনাবৃষ্টি, শেষের দিকে এসে সেচের পানি সংকট আর নকল বীজে সর্বনাশ করেছে খেতের তরমুজ।
এখন ছোট ছোট ফসলের দিকে অসহায় ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকা ছাড়া করার কিছুই আর নেই। কেঁদে বুক ভাসিয়েও লাভ হবে না কোনো।
সরেজমিন ঘুরে তরমুজ চাষীদের ক্ষতির করাল চিত্রই দেখা গেল কয়রার বিভিন্ন উপকূলীয় এলাকায়। নকল বীজ, বৈরী আবহাওয়া ও সেচ সংকটের কারণে এবার লোকসানের মুখে পড়েছেন খুলনার কয়রার তরমুজ চাষিরা। ফলন ভালো না হওয়ায় ভরা মৌসুমেও অনেক চাষি ক্ষেত বিক্রি করতে পারেননি। অনেকে খরচের অর্ধেক টাকাও তুলতে পারেননি। বীজ রোপনের পর থেকে অনুকূল আবহাওয়া বিরাজ করায় ফলনও বেশ ভালো হয়েছিল। কিন্তু শেষে সেচ সংকট, বৈরী আবহাওয়া ও নকল বীজে দিয়েছে সব মাটি করে।
কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে ৪ হাজার ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ করেন সাড়ে ৪ হাজার চাষি। এর মধ্যে আমাদি ইউনিয়নে ২ হাজার ২০০’, বাগালি ইউনিয়নে ১ হাজার ১০, মহেশ্বরীপুরে ৭৯০ ও মহারাজপুর ইউনিয়নে প্রথমবারের মতো ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়। এ বছর প্রতি হেক্টর জমিতে উৎপাদিত তরমুজের বিক্রয়মূল্য ৬ লাখ টাকা হিসাবে প্রায় ২৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজ জানান, সময়মতো বৃষ্টি না হওয়ায় এবং শেষ মুহূর্তে সেচ সংকটের কারণে অধিকাংশ ক্ষেতের তরমুজ আকারে ছোট হয়েছে। আবার অনেকেই বীজ কিনে প্রতারিত হওয়ায় সেসব ক্ষেতের গাছে ফলন আসেনি। এ কারণে এবার লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন সম্ভব হবে না।
আঃ করিম নামের এক চাষি বলেন, ‘কম বিনিয়োগ আর কম পরিশ্রমে বেশি লাভহওয়ায় তরমুজ চাষ করছি বছর দুই ধরে। তবে তরমুজ চাষের শেষ সময়ে সেচ সংকট তীব্র হয়ে ওঠে। তখন উৎপাদন খরচ বেড়ে যায়।’
বাইরে থেকে আসা মহারাজ পুরের বিলে তরমুজ চাষী পিযুষ নামের আরেক চাষি বলেন, ‘শেষ পর্যন্ত পানি না পাওয়ায় ফলন ভাল হল না, আমরা শেষ হয়ে যাব।’ বাজারে ভালো বীজের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি নদী-খালের ইজারা অবুমক্ত এবং খনন করে তরমুজ চাষের জন্য সেচ ব্যবস্থার দাবি তার।
আমাদি ইউনিয়নের মসজিদকুড় গ্রামের কৃষক জোবায়ের হোসেন বলেন, ‘প্রতিবছর তরমুজ চাষে লাভবান হলিও এবারই প্রথম চরমভাবে ধরা খাইছি। এবার মসজিদকুড় মৌজার ৪০ বিঘা জমিতে লাগানো তরমুজ ভালো দামে বিক্রি করতি পারলিও মহারাজপুর মৌজার ১২০ বিঘা জমিতে ২৫ লাখ টাকা লোকসান গুনতি হবে।’ তিনি জানান, জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় গাছে কোনো ফল আসেনি। এ ছাড়া এবার চাষাবাদের শেষের দিকে এসে সেচ সংকট দেখা দেওয়ায় বেশি ক্ষতি হয়েছে।
একই গ্রামের তরমুজ চাষি আকতারুল ইসলাম বলেন, “ভারতীয় বীজ কিনে ধরা খাতি হয়েছে। বীজের প্যাকেটের গায়ে ‘আস্থা’ লেখা থাকলিও ভিতরে যে নকল বীজ দেওয়া হয়েছে, তা বুঝতি পারিনি। যে কারণে প্রায় ২ লাখ টাকা লোকসান গুনতি হবে।”
ধার দেনা করে এবার ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করেন মহেশ্বরীপুর গ্রামের কৃষক মাসুম বিল্লাহ। তাঁর ভাষ্য, ‘প্রথম দিকে গাছের চেহারা দেখে মনে শান্তি পাইছি। পরে আস্তে আস্তে গাছের পাতা শুকাতি থাকে। সেই সঙ্গে আমার বুকের ছাতিও শুকাতি থাকে। এ অবস্থায় কৃষি অফিসের পরামর্শ শুনে দুই-তিন গুণ খরচ কইরে দূর থেইকে পানি আইনে ক্ষেতে দিছি। কিন্তু শেষ পর্যন্ত খরচের অর্ধেক টাকাও তুলতি পারলাম না।’ এখন সংসার চালাবেন কী দিয়ে আর ধারের টাকা শোধ করবেন কীভাবে- এ চিন্তায় তাঁর ঘুম আসে না।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবচেয়ে খারাপ অবস্থা মাহারাজপুর মৌজার তরমুজ চাষিদের। এ মৌজায় স্থানীয় ও বহিরাগত চাষিরা মিলে এবারই প্রথম তরমুজ চাষ করেন। এখানকার একটি বিলে ১২০ বিঘা জমিতে ১৫ কৃষক চাষাবাদ করেছেন। তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কৃষক অনাবিল আক্ষেপ করে বলেন, লাভের আশায় ঋণ নিয়ে তরমুজ চাষ করেছিলাম। এখন পুরোটাই লোকসান। লাভের বদলে আমাদের কাঁধে এখন লোকসানের বোঝা। সে বোঝা বইতে হবে। চাষ করে লাভের বদলে বিপুল লোকসান গুনতে গিয়ে তিনি ও দিশাহারা।
পিযুষের জ্যাঠা সুজিৎ কুমার (৮৫) একসময় ছিলেন দাপুটে কৃষক। চাষের একাল আর সেকালের পার্থক্য জানতে চাইলে তিনিও স্বীকার করেন, ‘চাষের আবহাওয়া আগের মতো নাই। ‘আগে আবহাওয়ার গতিক (অবস্থা) ভালো ছিল, এখন কোনো তাল নাই। এ বছর এক রকম, পরের বছর উল্টা। কৃষকের লাই এইটা খুবই খারাপ।’ বাগালী ইউনিয়নের দেবু (৭৫) বলেন, ‘জলবায়ু বুঝি না, নুনা আর খরান বুঝি। নুনা, খরান আর কদিন পরপর ‘নিম্নচাপ’ দেইখতে দেইখতে অতিষ্ঠ আছি।’
অভিজ্ঞমহল বলেন, লাঙ্গলের বদলে ট্রাক্টর, কাঁচির বদলে হারভেস্টার হাতের নাগালে এসেছে। এই সময় চাষাবাদ সহজ না হয়ে কেন কঠিন হচ্ছে’-এটা বোঝার জন্য তিনটি প্রশ্ন ছিল। ১০০ ভাগ কৃষক অভিন্ন উত্তর দিয়ে তা স্পষ্ট করেছেন। খরা, নোনা ও অকালবর্ষণকে তাঁরা কৃষির শক্তিশালী শত্রু হিসেবে চিহ্নিত করেছেন।
সমীক্ষার ফলাফল বলছে, চাষাবাদে নির্ভর করে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে উঠছে কৃষকের। চাষাবাদে নেমে উল্টো লোকসানে পড়ার কথাও জানিয়েছেন অনেকে। খরা, লবণাক্ততা আর দুর্যোগে ফসল হারানো, খরচ বেড়ে যাওয়া এবং উৎপাদন কমে যাওয়ার মতো বিপত্তির মুখে পড়েই ফসলের মাঠের সঙ্গে দূরত্ব বাড়ছে।
মাহারাজপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এবার সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে লবণাক্ততা বেড়ে গেছে। যে কারণে গাছে ফলন আসার আগেই শুকিয়ে গেছে। এ ছাড়া নকল বীজের কারণেও অনেক কৃষক এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কয়রার তরমুজ স্বাদে বেশি মিষ্টি হওয়ায় এখানকার তরমুজ কিনতে বহিরাগত ফড়িয়াদের আনাগোনা বেশি দেখা যায়। এবার অনেক ফড়িয়া তরমুজ না কিনে ফিরে গেছেন।
তরমুজের ব্যাপারী আল আমিন হোসেন বলেন, বাজারে কয়রার তরমুজের চাহিদা বেশি। গতবার বিঘাপ্রতি ৮০ হাজার টাকা দরে তরমুজ কিনেছিলেন তিনি। এবার ফল আকারে ছোট হওয়ায় বিঘাপ্রতি ৩০ হাজার টাকায় কিনেছেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, কয়রা উপজেলার মাটিতে লবণাক্ততা বেশি থাকায় যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে সেচের প্রয়োজনীয়তা বেশি থাকে। এবার সেখানকার কৃষকরা দেরিতে চাষাবাদ শুরু করেছেন। তরমুজ চাষ করতে গেলে আমন ধান রোপনের সময় যে ধানের কম সময়ে উঠবে সেই ধান চাষ করতে হবে। আমন ধান আগেভাগে কাটার সাথে সাথে তরমুজের চাষ করতে হবে। এ ছাড়া এবার বৃষ্টিপাতের পরিমাণও খুব কম। সেচের অভাবে মাটিতে লবণাক্ততা বেড়ে গিয়ে গাছ শুকিয়ে গেছে। এ কারণে চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।











































