স্পোর্টস ডেস্ক
আইপিএলের মাঝপথে কপাল খুলল ডেওয়াল্ড ব্রেভিসের। গুরজাপনিত সিং চোটে ছিটকে পড়ায় তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
ব্রেভিস গত নভেম্বরে ২০২৫ আইপিএলের মেগা নিলামে অবিক্রিত ছিলেন । তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। তবে এবার তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিল চেন্নাই।
ব্যাটিংয়ের ধরনে দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অনেক মিল বলে যুব পর্যায় থেকে ব্রেভিস পরিচিতি পেয়ে গেছেন ‘বেবি এবি’ নামে। যেখানে ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফর্ম করে ওই বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা করে নেন তিনি। দলটির হয়ে ২০২২ ও ২০২৪ আইপিএল মিলিয়ে ১০ ম্যাচে ১৩৩.৭২ স্ট্রাইক রেটে তিনি করে ২৩০ রান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৮১ ম্যাচে ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন এক হাজার ৭৮৭ রান। একমাত্র সেঞ্চুরির ইনিংসটি ১৬২ রানের। এছাড়া ফিফটি করেছেন সাতটি।
সাত ম্যাচের কেবল দুটিতে জিতে পয়েন্ট তালিকার তলানিতে আছে চেন্নাই। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় চোট নিয়ে ছিটকে যাওয়ার পর দলকে নেতৃত্ব দিচ্ছেন তাদের পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।











































