যশোর অফিস
শালিসের নামে বাড়ি ভাঙচুরের অভিযোগে যশোর সদর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ও চাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল হালিম। তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকা চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে চাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুল হালিমকে ওয়ার্ডের সহ-সভাপতি পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৬ এপ্রিল রাতে চাঁচড়া ইউনিয়নে রাস্তা নির্মাণ নিয়ে এক সালিশ বৈঠকে গোলাম মোস্তফা ও আব্দুল হালিম করিচিয়া গ্রামের মালেকা বেগমের সেমিপাকা বাড়ি ভাঙচুর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী মালেকা বেগম কোতয়ালী মডেল থানায় মামলাও করেছেন।
ক্ষতিগ্রস্ত মালেকা বেগমের অভিযোগ, প্রতিবেশী ফজরের সঙ্গে রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। বিএনপি নেতাদের ডেকে এনে শালিসের নামে তাদের তিনটি আধপাকা বাড়ি ভেঙে রাস্তা তৈরি ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের কেউ শালিস বিচারে অংশ নিতে পারবে না। দলের নির্দেশনা অমান্য করায় দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।











































