স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার দুই মাস পূর্তীতে ক্যাম্পাসে “শোকের গ্রাফিতি এক দফার ডাক ” কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল পাঁচটায় কুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে গ্রাফিতি একে এই কর্মসুচী গ্রহন করে শিক্ষার্থীরা। গ্রাফিতীতে তারা ‘ছাত্র রাজনীতি নিষিদ্ধ’, ‘স্টেপ ডাউন মাসুদ’, ‘বাহ ভিসি চমৎকার সন্ত্রাসীদের পাহারাদার’, ‘ফ্রি প্যালেস্টাইন’সহ নানা বক্তব্য তুলে ধরেন তারা। এছাড়াও ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষের বিভিন্ন ফুটেজ প্রজেক্টরে প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান ও ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের পর ক্যাম্পাসে আঁকানো গ্রাফিতি প্রশাসন মুছে দেয়। এই কারনে তারা তাদের এক দফা দাবী কুয়েট ভিসির পদত্যাগ এর পক্ষে নানা গ্রাফিতি পুনরায় ক্যামাসের দেওয়ালে তুলে ধরছেন।
এ সময় শিক্ষার্থীরা আরো জানান, তারা এক দফা দাবিতে অনড়। দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা দেশবাসী ও প্রধান উপদেষ্টার নিকট তুলে ধরতে চায় যে কুয়েটে ছাত্ররা ভালো নেই।
উল্লেখ্য গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা কুয়েট ভিসি, প্রো ভিসি, ছাত্র কল্যান পরিচালকের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবীতে আন্দোলন শুরু করে। পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় কুয়েট সিন্ডিকেট। পরে ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করে ক্যাম্পাসের প্রবেশে করে হল খোলার দাবিতে আন্দোলন করে। ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ ছাত্রকে বহিষ্কার ও চার মে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম শুরু ও ২ মে হল খোলার সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৬ এপ্রিল তালা ভেঙ্গে হলে প্রবেশ করে।











































