স্পোর্টস ডেস্ক।।
মুম্বাইয়ে জন্ম রোহিত শর্মার। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়েই খেলেন তিনি। আইপিএলেও মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিতে ইতিহাস গড়েছেন ভারত অধিনায়ক। এবার রোহিতকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে মুম্বাই ক্রিকেট সংস্থা (এমসিএ)।
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিতের নামে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি স্ট্যান্ড করার ঘোষণা দিয়েছে এমসিএ। রোহিত ছাড়াও ভারতের সাবেক ব্যাটার অজিত ওয়াড়েকর ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি শারদ পাওয়ারের নামে স্ট্যান্ড করার ঘোষণা দেওয়া হয়েছে।
‘এমসিএ’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়াংখেড়ের স্ট্যান্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিলিন্দ নারভেকর এবং জিতেন্দ্র আওয়াড় প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব সকলে মেনে নিয়েছে।’
জানা গেছে, দিভেচা প্যাভিলিয়নের লেভেল থ্রি-টি রোহিতের নামে করা হবে। শারদের নামে করা হবে গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল থ্রি। ওয়াড়েকরের নাম করা হবে গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪। এরই মধ্যে ওয়াংখেড়েতে শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, বিজয় মার্চেন্ট ও দিলীপ বেঙ্গসকরের নামে স্ট্যান্ড আছে। সেই তালিকায় এবার যোগ হচ্ছে আরও তিনজনের নাম।











































