স্টাফ রিপোর্টার
ছদ্মাবেশী দুদক কর্মকর্তাদের কাছে ঘুষ দাবি করেছেন খুলনা সদর সাব-রেজিট্রি কার্যালয়ের দালালরা। দালালরা তাদের কাছে সরকারি ফি-এর কয়েকগুন বেশী অর্থ দাবি করেন। পরে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা।
বুধবার বেলা ১টা থেকে কয়েকঘন্টা ধরে এ অভিযান চালানো হয়। এ সময় দুদক কর্মকর্তারা সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল, অফিস সহকারী ফারুক হোসেনসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও নথি পর্যবেক্ষণ করেন। কর্মকর্তারা এ দপ্তরে দালালদের দৌরাত্ম, অতিরিক্ত অর্থ গ্রহণ, কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছেন।
দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম জানান, ছদ্দবেশে অভিযানে গেলে দালালরা দলিল রেজিস্ট্রিতে তাদের কাছে ঘুষ দাবি করে। পরে তাকে নিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশী চালানো হয়। অভিযানে নকলনবিশ রাসেল শিকদারের ব্যাগে নগদ ৭০ হাজার টাকা পাওয়া গেছে। এই টাকার উৎস নিয়ে তিনি বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন। অফিসের মোহরার অরুণ কুমার বিকাশে একাউন্টে অস্বাভাবিক লেনদেন ও নকলনবিশ মিতার ব্যাগে ব্যাংকে টাকা জমার তথ্য, এফডিআর’র কাগজপত্র পাওয়া গেছে। তারা কেউই এসব অর্থের উৎসের যথাযথ তথ্য উপস্থাপন করতে পারেননি। আমরা তাদের দু’দিন সময় দিয়েছি। বিষয়টি জেলা রেজিস্টারকে জানানো হয়েছে। আমাদের পক্ষকে কমিশনকেও জানানো হবে।
দুদক কর্মকর্তারা বলেন, অনৈতিক লেনদেনের সঙ্গে জড়িত নকলনবিশের লাইসেন্স বাতিল ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টার্স্কফোসের অভিযানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ সজল, উপসহকারী পরিচালক মো: আশিকুর রহমান, মো: শামীম রেজা।











































