শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদের মারধর ও দুটি নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিন্দি নদীর বয়ারসিংসংলগ্ন উলোখালীর চর এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের মারধরে আহত জেলেরা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান আলী, শাহাজান আলী, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ গাজী, শাহাজান গাজী, আতাউর গাজী, সৈয়দ গাজীর ছেলে আব্দুল গাজী, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।
হামলায় আহত শাহাদাৎজানান, পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে চার দিন আগে তিনটি নৌকার ১২ জেলে সুন্দরবনে যান। দু’দিন ধরে বাংলাদেশ সীমান্তের উলোখালীর চরে পাটা জাল পেতে মাছ ধরছিলেন তারা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক দুটি স্পিডবোটে বিএসএফ সদস্যরা সেখানে গিয়ে তাদের মারধর শুরু করেন। ওই সময় তারা পেতে রাখা জাল ও নৌকা ফেলে বনে ঢুকে আত্মরক্ষা করেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন জাল থাকলেও দুটি নৌকা নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।
স্থানীয় রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, মারধরের শিকার আট জেলের মধ্যে ছয়জনই তাঁর এলাকার। বিএসএফ নৌকা নিয়ে যাওয়ায় উপায়ন্ত না পেয়ে বনের মধ্য দিয়ে হেঁটে লোকালয়ে ফিরছেন জেলেরা। তারা এলাকায় ফিরলে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানানো হবে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, এখনও কেউ বিষয়টি তাদের জানায়নি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।
বিজিবি কৈখালী ক্যাম্পের সুবেদার আবু বক্কার জানান, স্থানীয় এক জনপ্রতিনিধি বিষয়টি তাদের জানিয়েছেন। ঘটনাটি বয়ারসিং এলাকার হওয়ায় ভুক্তোভোগীদের অভিযোগ জানাতে সেখানকার বিজিবি (রিভারাইন) ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।











































