Home খেলাধুলা ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে খেলার প্রস্তাবে কনকাকাফের আপত্তি

২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে খেলার প্রস্তাবে কনকাকাফের আপত্তি

17


স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০৩০ সালের বিশ্বকাপে দল সংখ্যা ৬৪-তে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে ফুটবলের অন্যান্য বড় মহাদেশীয় সংস্থাগুলো এই প্রস্তাবে সায় দেয়নি।
Close PlayerUnibots.com
এই পরিকল্পনার বিরোধিতা করে সরব হয়েছে কনকাকাফ, উয়েফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কনকাকাফের সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি সাফ জানিয়ে দিয়েছেন, পুরুষদের বিশ্বকাপে দল সংখ্যা ৬৪-তে বাড়ানো ফুটবলের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত হবে না। না জাতীয় দলের জন্য, না ক্লাব ফুটবলের জন্য, না লিগ কিংবা খেলোয়াড়দের জন্য। রয়টার্স

তিনি আরও বলেন, ৪৮ দলের নতুন ফরম্যাট এখনো মাঠে গড়ায়নি। তার আগেই ৬৪ দলের প্রস্তাব আসা যুক্তিযুক্ত নয়।

২০২৬ সালের বিশ্বকাপেই প্রথমবার ৩২ দলের বদলে ৪৮ দল খেলবে। এই আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর ২০৩০ সালের বিশ্বকাপের মূল আয়োজক দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম কিছু ম্যাচ আয়োজন করা হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে।

কনমেবলের প্রস্তাব অনুযায়ী, যদি ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল অংশ নেয়, তাহলে ম্যাচের সংখ্যা দাঁড়াবে ১২৮-এ, যা আগের ৬৪ ম্যাচের দ্বিগুণ। এই বিশাল পরিসর নিয়েও উদ্বেগ বাড়ছে ফুটবল মহলে।
উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন প্রস্তাবটিকে ‘একেবারেই খারাপ ধারণা’ বলে মন্তব্য করেছেন। এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেন, ‘যদি এখনই সীমা না টানা হয়, ভবিষ্যতে কেউ ১৩২ দলের প্রস্তাবও দিতে পারে। তখন বিষয়টা বিশৃঙ্খলায় রূপ নেবে।’
আগামী ১৫ মে, প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিতব্য ফিফার ৭৫তম কংগ্রেসে এ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, কনমেবলের এই প্রস্তাব বাস্তবায়ন খুব একটা সহজ হবে না।

বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থাগুলোর ঐক্যবদ্ধ বিরোধিতাই এখন এই ইস্যুতে সবচেয়ে জোরালো বার্তা হয়ে উঠেছে।