Home Lead তালা ভেঙে কুয়েটের হলে শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগ দাবি

তালা ভেঙে কুয়েটের হলে শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগ দাবি

47


১৮ ফেব্রুয়ারি অরাজকতায় ৩৭ শিক্ষার্থী সাময়িক বরখাস্ত, হল ও শিক্ষা কার্যক্রমের তারিখ ঘোষণা}
স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল-কুয়েট সিণ্ডিকেটের সভার সিদ্ধান্ত অমান্য করে কিছু আন্দোলনরত শিক্ষার্থী ছয়টি হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ২টার দিকে। এ সময় কিছু ছাত্ররা একে একে ছয়টি হলের তালা ভেঙে হলের ভেতরে প্রবেশ করেন। বর্তমানে আন্দোলনরত কিছু ছাত্ররা কুয়েট উপাচার্য (ভিসি) মুহাম্মদ মাছুদুর রাহমানের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এ সকল শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের এই এক দফা দাবির ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের একজন এই ঘোষণাটি পড়ে শোনান।
এর আগে গত সোমবার কুয়েটের সিন্ডিকেটের সভায় গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষ ও অরাজকতার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ওই সভায় আগামী ২ মে হল খোলা, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্তও জানানো হয়। তবে তা অগ্রাহ্য করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আবাসিক ছাত্রাবাসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
আন্দোলনকারীদের ঘোষণায় বলা হয়, ‘যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট, পানি বন্ধ করে হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে সরে এসে এখন এক দফা ঘোষণা করছি। বর্তমান ভিসিকে অপসারণ আমাদের এখন একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীন নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’
ঘোষণাপত্রটি পাঠ করার পর শিক্ষার্থীরা বিভিন্ন হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার ঘোষণা দেন। এর পরপরই শিক্ষার্থীরা মিছিল নিয়ে খান জাহান আলী হলের দিকে যান। সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলেন। এরপর তারা একে একে অন্য হলগুলোর তালাও ভেঙে ফেলে।
এদিকে শহীদ স্মৃতি হলের কয়েকজন ছাত্র অভিযোগ করেন, তাদের হল রুমের জানালা খুলে কে বা কারা বেশ কিছু মুল্যবান নোট ও জামা কাপড় চুরি করে নিয়ে গেছে। তারা এ ঘটনার বিচার দাবি করেন।
এর আগে ক্যাম্পাসের দুর্বার বাংলার ভাস্কর্যের পাদদেশে দুপুর একটায় সমাবেশ করে ‘মেক কুয়েট, ফ্রি এগেইন’ কর্মসূচি পালন করেন আন্দোলনরত ছাত্ররা। তারা গত ১৮ ফেবরুয়ারী কুয়েটে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করায় সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান করে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
কুয়েট ১৯ ব্যাচের শিক্ষার্থী মুন জানান, আবাসিক হল খুলে দেবার দাবিতে গত দুই রাত ৩ দিন আমরা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে কাটিয়েছি। কিন্ত কুয়েট প্রশাসনের নিকট থেকে আমারা কোন সহযোগিতা পায়নি। হঠাৎ করে গত সোমবার যখন সিন্ডিকেটের সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে যখন জানতে পারি তখন থেকে আমরা আরে আতংকিত হয়ে পড়েছি। যার ফলে আমরা এখন বাধ্য হয়ে ছয় দফার আন্দোলন থেকে সরে এসে এক দফার আন্দোলন ঘোষণা করেছি। এক দফা দাবি হচ্ছে কুয়েট ভিসির পদত্যাগ।
তারা কুয়েট ভিসির পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছেন।
একই ব্যাচের অপর এক শিক্ষার্থী গালিব জানায়, আমরা অনেকে সিলেট, নাটোর, কুমিল্লাসহ দূর-দুরান্ত থেকে এসেছি হলে উঠবো ও নিয়মিত ক্লাস করবো। কিন্ত কুয়েট কর্তৃপক্ষ আমাদের কথা চিন্তা না করে তাদের সিদ্ধান্তে অনড় অবস্থায় রয়েছেন। ফলে আমাদের থাকা ও খাওয়ার খুবই কষ্ট হচ্ছে। শিক্ষক ও কর্মকর্তাদের কয়েকবার আমাদের বিষয়টি জানিয়েছি। কিন্ত তারা আমাদের কোন কথা শোনেননি। বরং আমাদের বিরুদ্ধে সিন্ডকেটর সভায় গত ১৮ ফেব্রুয়ারির ঘটনায় আমাদের ৩৭ জন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন। যাতে সাধারণ ছাত্ররা খুবই বিস্মিত হয়েছে। যার কারণে সাধারণ ছাত্ররা তালা ভেঙে হলে প্রবেশ করতে বাধ্য হয়েছি আমরা। কিন্তু এখন আমাদের হলে পানি সংকট রয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।
অবশ্য কুয়েটের উপাচার্য ( ভিসি) মুহাম্মদ মাছুদুর রাহমান বলেন, গত ১৮ ফেব্রুয়ারি অনাকাঙ্ক্ষিত ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটি গত সোমবার সিন্ডিকেটের সভায় তাদের তদন্ত রিপোর্ট জমা দেন। তদন্ত রিপোর্ট অনুযায়ী কুয়েটের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এর সাথে ভিসির কোন সম্পর্ক নাই।
তিনি বলেন, যেহেতু সিন্ডিকেট সভায় হল খোলা ও শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। সেহেতু সিন্ডিকেটের সিদ্ধান্তের বিপরীতে মঙ্গলবার কিছু ছাত্র আইন অমান্য করে হলের তালা ভেঙে প্রবেশ করেছে।
তিনি আরো বলেন, কিছু ছাত্রের অগণতান্ত্রিক ও অযুক্তিক দাবির কাছে তিনি মাথানত করবেন না। সরকার আমাকে এই পদে অধিষ্ঠিত করছেন। সরকার না চাইলে আমি সরে যাবো। অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা চায় শিক্ষার পরিবেশ ঠিক থাকুক। কিন্ত অতিউৎসাহী কিছু ছাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্টের চেষ্টায় লিপ্ত রয়েছে।
এ দিকে কুয়েটের পাবলিক রিলেশনস অফিসার (অতিরিক্ত দায়িত) শাহাদুজ্জামান শেখ জানান, গত ১৫ এপ্রিল হল সমন্বয় কমিটির এক সভায় গৃহীত সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে জানানো হয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০১তম (জরুরী) সিন্ডিকেট সভায় চলতি বছরের গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংঘটিত দুঃখজনক ঘটনায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর নামের তালিকা ও সংখ্যা দেখা যাচ্ছে। এর প্রেক্ষিতে সকলকে জানানো যাচ্ছে যে, অভিযুক্ত শিক্ষার্থীদের নামের তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। তাই এসব মনগড়া ও উদভোধ তালিকা দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সকল শিক্ষার্থীকে সতর্ক থাকার আহবান করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি এই তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ পর্যালোচনার মাধ্যমে শাস্তি বিষয়ক সিদ্ধান্ত নিবেন।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও গুটিকয়েক শিক্ষার্থী হলের তালা ভেঙে প্রবেশ করেছে যা স্পষ্টত বিশ্ববিদ্যালয় তথা দেশের আইনের লংঘন। কোন প্রকার বেআইনি পদক্ষেপ না নেয়ার জন্য সকল শিক্ষার্থীর প্রতি আহবান জানানো হয়। শিক্ষার্থীদেরকে দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার জন্য আহবান জানানে হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যে, তারা যেন কোনো ধরণের অপপ্রচারে প্রভাবিত না হয় এবং বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও শৃঙ্খলা যথাযথভাবে অনুসরণ করে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী ২মে হল খোলা, ৪মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি মাসের সংঘর্ষে জড়িত ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।