Home খেলাধুলা সতীর্থদের সঙ্গে ইগোর লড়াই হয় কি না, কোহলি যা বললেন

সতীর্থদের সঙ্গে ইগোর লড়াই হয় কি না, কোহলি যা বললেন

10


স্পোর্টস ডেস্ক।।
একই দলের ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত একটি সাধারণ ঘটনা। নানা সময় এর জন্য ভুগতে হয় দলকেও। তবে এসব জিনিস কখনো স্পর্শ করেনি ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে। ১৮ বছরের ক্যারিয়ারে বহু সতীর্থের সঙ্গে খেললেও কখনো কারো ওপর প্রভাব খাটানোর চেষ্টা করেননি তিনি।

চ্যাম্পিয়নস ট্রফিতে তার ও শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটির উদাহরণ টেনে কোহলি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার আর শ্রেয়াসের মধ্যে কয়েকটা ভাল জুটি হয়েছে। যখন শ্রেয়াস ভাল খেলেছে তখন ও দায়িত্ব নিয়েছে। যখন আমার মনে হয়েছে ব্যাটে-বলে ভাল হচ্ছে তখন আমি দায়িত্ব নিয়েছি। আমাদের মধ্যে কোনও ব্যক্তিত্বের সংঘাত হয়নি। যদি শ্রেয়াস ছাড়া অন্য কেউ সেখানে থাকত তার সঙ্গেও একই বোঝাপড়া চলত। আমি কোনোদিন কারও ওপর প্রভাব খাটানোর চেষ্টা করিনি। আবার কোনো দিন নিজেকেও অবিশ্বাস করিনি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি।’

ব্যাট করতে নামার পর নিজের মাথায় দলের জয় ছাড়া অন্য কিছু ঘোরে না বলেও জানালেন কোহলি, ‘আমাদের সকলের উদ্দেশ্য দলকে জেতানো। তার জন্য প্রত্যেকে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি অনুযায়ী আমরা খেলি। আমার খেলার ধরন এমনই। কখনও সফল হই, কখনও হই না। কিন্তু সব সময় আমরা একটা দল হিসাবেই খেলি।’

আইপিএলে কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি ২০০৮ সালে প্রথম আইপিএল থেকে একই দলে খেলছেন। পরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কও হয়েছেন তিনি। স্মৃতি রোমন্থন করতে গিয়ে এই তারকা বলেন, ‘প্রথমবার সাজঘরে গিয়ে রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলের মতো তারকাকে দেখেছিলাম। আমি শুধু জাহির খানকেই চিনতাম। প্রথম বছর একটু চাপ ছিল। ধীরে ধীরে সেই চাপ কেটে যায়। প্রথম বছর টপ অর্ডারে খেলার বেশি সুযোগ পাইনি। নীচের দিকে নামতে হত। দু’-তিন বছর পর টপ অর্ডারে খেলা শুরু করি। দেখতে দেখতে ১৮ বছর হয়ে গেল। ভাবলে মনে হয় এই তো সে দিন শুরু করলাম।’

আইপিএলে সবচেয়ে বেশি রান কোহলির। এখনো পর্যন্ত আরসিবির হয়ে ২৫৬টি ম্যাচ খেলে ৮ হাজার ১৬৮ রান করেছেন তিনি। ৩৮.৯০ গড় ও ১৩২.১৯ স্ট্রাইক রেটে রান করেছেন এই তারকা। যেখানে আটটি শতরান ও ৫৭টি অর্ধশতরান করেছেন তিনি। যদিও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি তার দল। তিনবার ফাইনালে উঠেও হতে হয়েছে শিরোপাবঞ্চিত।