Home Lead খুলনায় হামলা-ভাঙচুর-লুটপাট, ২৯০০ জনকে আসামি করে তিন মামলা

খুলনায় হামলা-ভাঙচুর-লুটপাট, ২৯০০ জনকে আসামি করে তিন মামলা

25

স্টাফ রিপোর্টার।।


খুলনায় বাটা, কেএফসি ও ডমিনো’স পিৎজা রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ২ হাজার ৯০০ ব্যক্তিকে আসামি করে সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এসব মামলা দায়ের করা হয়।


পুলিশ জানায়, নগরীর শিববাড়ি মোড়ের বাটা শোরুমের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০ থেকে ১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মন্ডলের মামলায় ৭০০ থকে ৮০০ এবং ডোমিনো’স পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক তিনটি মামলায় বাদি তাদের এজাহারে নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এসব প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে আসামিদের গ্রেফতারের অভিযান শুরু হয়েছে। এছাড়া সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে যে ৩১ জনকে আটক করা হয়েছিলো পৃথক তিনটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে।

এর আগে সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীতে ইসরাইলবিরোধী বিক্ষোভ শেষে কিছু মানুষ একত্রিত হয়ে ময়লাপোতা মোড়ের কেএফসি, ডমিনোজ পিৎজা ও শিববাড়ি মোড়ের বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায়।