Home আঞ্চলিক ভিডিও ফুটেজ দেখে লুট করা জুতা ও লেডিস ব্যাগসহ গ্রেপ্তার ৫

ভিডিও ফুটেজ দেখে লুট করা জুতা ও লেডিস ব্যাগসহ গ্রেপ্তার ৫

14


স্টাফ রিপোর্টার।।

খুলনায় বাটার শোরুম থেকে লুণ্ঠিত ৫ জোড়া জুতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাটা, কেএফসি ও ডোমিনোস পিৎজায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বাটার ৫ জোড়া জুতা ও একটি লেডিস হ্যান্ড ব্যাগ উদ্ধার করা হয়েছে। হামলার ভিডিও এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবীব জানান, হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান আছে।

এর আগে মঙ্গলবার রাতে বাটার ম্যানেজার তৌহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১২০০ থেকে ১৩০০ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। কেএফসি’র ম্যানেজার সুজন মণ্ডল বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া ডোমিনোস পিৎজার ম্যানেজার শামসুল আলম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, হামলা-লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ শেষে অতি উৎসাহী কিছু লোক গত সোমবার সন্ধ্যায় নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুম এবং ময়লাপোতা মোড়ে কেএফসি ও ডোমিনোস পিৎজাতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল।