স্টাফ রিপোর্টার।।
খুলনায় বাসার সামনে থেকে এক কলেজছাত্রীকে (১৭) জোর করে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে ছাত্রীটির চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। সে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ভুক্তভোগী কিশোরী খুলনা নগরে তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করে। তার খালু বলেন, বেলা ১১টার দিকে সে (কলেজছাত্রী) বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এ সময় কয়েকজন যুবক তাকে জোর করে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। ওই যুবকেরা আগ থেকে বাড়ির সামনে ওত পেতে ছিল। তারা মেয়েটির সঙ্গে পড়াশোনা করত। এর আগেও তারা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়েছিল।
এ দিকে কলেজছাত্রীর বরাত দিয়ে তার খালু জানান, নগরীর আমতলা এলাকায় নিজেদের বাড়িতে নিয়ে তাকে আটকে রাখে এক যুবক। এ সময় তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়। মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েটিকে বাসায় নেওয়া হয়েছে। তাঁরা মামলা দায়ের করার উদদোগ নিলে কিছু প্রভাবশালীরা মামলা থেকে বিরত রাখার চেষ্টা করছেন বলে জানাগেছে।।
কলেজছাত্রীর খালু অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকের বাবা মুঠোফোনে যোগাযোগ করেছেন এবং ব্যাপারটি মীমাংস করার প্রস্তাব দিচ্ছেন।
অভিযুক্ত যুবকের বাবা একজন আইনজীবী। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আজ বেলা সাড়ে তিনটার দিকে তিনি বলেন, ‘আমি আদালত থেকে বের হলাম। এ ব্যাপারে কিছু জানি না।’ তবে মেয়েটির খালুর সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে বলে জানান তিনি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন বলেন, ‘এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। ওই অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’











































