স্টাফ রিপোর্টার।।
ভাঙনের চতুর্থ দিনেও সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামত শেষ হয়নি। তবে সেনাবাহিনীর সহযোগিতায় কাজ এগিয়ে চলছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকেই রিং বাঁধ মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিক এবং সেনাসদস্যরা। ওদিকে জোয়ার ভাটায় ক্ষতিগ্রস্ত প্লাবিত অঞ্চলে পানিবন্দি মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে, জোয়ারের পানি ওঠা বন্ধ করতে ভাঙনের ১৫০ মিটার দূর দিয়ে ৩০০ মিটার রিং বাঁধ নির্মাণ কাজের ৮০ মিটার শেষ হয়েছে।
গত সোমবার ঈদের দিন সকালে খোলপেটুয়া নদীর পানির তোড়ে ১৫০ ফুট বেড়িবাঁধ ভাঙনের পর সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট এলাকায় পানি প্রবেশ করায় গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। মৎস্য ঘেরগুলো একে একে ভেসে গেছে। তলিয়ে গেছে ফসলি ক্ষেত।
বানভাসী মানুষ পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্র ও পাউবোর বাঁধে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ অন্যত্র আত্মীয়র বাড়ি চলে গেছেন। কারও ঘরেই রান্নার চুলা জ্বলেনি। দু-একজন শুকনো খাবার সরবারাহ করলেও সরকারিভাবে কিছুই পৌছায়নি বলে অভিযোগ পানিবন্দি মানুষের।
কিছু যুবক শুকনো খাবার সরবরাহ করলেও সরকারিভাবে কোনো ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ পানিবন্দি মানুষের।
আনুলিয়ার পানিবন্দিরা জানান, ঘরের মধ্যে কোমর পানিতে দুপুরে রান্না হয়নি। জোটেনি কোনো খাবার। কারও কারও শুকনা খাবারের ব্যবস্থা হলেও অনেককেই না খেয়ে কাটাতে হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসাইন জানান, ষাটের দশক থেকে প্রতিবছরই বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ে। আর সেখানকার পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় বাঁধ মেরামতে দেরি হলে সাধারণ মানুষের বিপাকে পড়তে হয়। তবে কাজের গতি আরও বাড়ানো হয়েছে। রাতের মধ্যেই রিং বাঁধের কাজ শেষ হবে আশা করছি।’











































