স্টাফ রিপোর্টার
যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব তারাই নিরাপদ নয়। খোদ নিরাপত্তা প্রতিষ্ঠান থেকেই ৬০ লাখ টাকা চুরি হয়ে গেল। ঈদের লম্বা ছুটির প্রাক্কালেই এমন ঘটনাটি ঘটল খুলনায়। আর এর সঙ্গে জড়িতও ওই প্রতিষ্ঠানের কর্মীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সিকিউরেক্স প্রাইভেট কম্পানীতে-এ চুরির ঘটনা ঘটেছে। মধ্যরাতে ওই অফিস থেকে পুলিশ একজনকে হেফাজতে নিয়েছে।
পুলিশ জানায়, সিকিউরেক্স প্রাইভেট কম্পানীর এটিএম অপারেটর মো. রফিকুল ইসলাম ও সিকিউরিটি সুপারভাইজার মো. শফিকুল ইসলাম নগরীর শিববাড়ি মোড়ের ব্যাংক এশিয়া থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় ৬০ লাখ টাকা নিয়ে অফিসের ক্যাশ বক্সে রেখে আরো ছয় কোটি টাকা আনার জন্য অন্য আরেক ব্যাংকের দিকে যান।
এসময় ওই ক্যাশ বাক্সটি পাশের রুমের সিকিউরিটি মো. মিলন সরদারকে পাহারা দেওয়ার জন্য বলে যান তারা।
ইসলামী ব্যাংক খুলনা শাখা থেকে ছয় কোটি টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারো ওই প্রতিষ্ঠানে ফিরে দেখেন, ক্যাশবক্সে রেখে যাওয়া ৬০ লাখ টাকা নেই। বিষয়টি সোনাডাঙ্গা থানা পুলিশকে জানানো হলে পুলিশ সেখানে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে।
ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার বেলা তিনটা ৫৭ মিনিটের দিকে উক্ত সিকিউরিটি কম্পানীর ড্রাইভার মো. রবিউল ইসলাম আরো একজন ব্যক্তিকে নিয়ে সেখানে প্রবেশ করে।
কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে ৫০০ টাকা দিয়ে দোকান থেকে কিছু একটা আনতে পাঠায় সে। সিকিউরিটি গার্ড বাইরে যাওয়ামাত্রই ড্রাইভার রবিউল ও তার সঙ্গে থাকা অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি ক্যাশ বাক্সের তালা খুলে ৬০ লাখ টাকা চুরি করে নিয়ে যান।
সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পর পুলিশ ড্রাইভার রবিউল ইসলামকে তাদের হেফাজতে নেয়। ড্রাইভার রবিউল খুলনা জেলার ডুমুরিয়া এলাকার সেনপাড়া গ্রামের বাসিন্দা। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কেএমপির সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি
চলছিল।








































