Home Lead সড়কের ওপর ২২ বৈদ্যুতিক খুঁটি, স্থানীয়দের ক্ষোভ

সড়কের ওপর ২২ বৈদ্যুতিক খুঁটি, স্থানীয়দের ক্ষোভ

19


ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা থেকে পারফলসি নবনির্মিত সড়কটি মাত্র সাড়ে ৬ কিলোমিটার। অথচ এই স্বল্প দূরত্বের সড়কে ২২টি বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক নির্মাণ করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান খুঁটিগুলো অপসারণের জন্য বেশ কিছুদিন আগে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতিতে টাকাও জমা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত খুঁটিগুলো সড়কের ওপর থেকে সরানো হয়নি।
এদিকে বৈদ্যুতিক খুঁটি রেখে প্রশস্ত সড়ক নির্মাণ করায় ওই সড়কে চলাচলরত যানবাহন ও পথচারীদের মধ্যে দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
জানা গেছে, উপজেলা এলজিইডি ৮৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের আওতায় সড়কটি নির্মাণ করে। নির্মিত ২৯ কিলোমিটার সড়কের মধ্যে উপজেলার পায়রাডাঙ্গা থেকে পার ফলসি সড়কটি ৬ দশমিক ৪৭ কিলোমিটার দীর্ঘ। গ্রামের মধ্য দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা এ সড়কটি মিশেছে হরিণাকুণ্ডু উপজেলা শহরে। দুই থেকে তিন ফুট জায়গার মধ্যেই বৈদ্যুতিক খুঁটি রেখে পিচের সড়ক নির্মাণ করা হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, পায়রাডাঙ্গা থেকে পার ফলসি সড়কটির পিচ কার্পেটিং কয়েকদিন আগে শেষ হয়েছে। ৬ দশমিক ৪৭ কিলোমিটার দীর্ঘ এ সড়কটিতে নেই কোনো সতর্কীকরণ নির্দেশনা। সড়কজুড়ে রয়েছে মোট ২২টি বৈদ্যুতিক খুঁটি।
বৈদ্যুতিক খুঁটিগুলো রেখেই শেষ করা হয়েছে সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
পায়রাডাঙ্গা গ্রামের কলেজছাত্র রিয়াজুল ইসলাম বলেন, ‘সড়কটি তৈরি করায় আমাদের এলাকার মানুষের কষ্ট লাঘব হয়েছে। তবে সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই খুঁটিগুলো দ্রুত অপসারণ করতে হবে।’
সিঙ্গা গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘সড়কের ওপর খুঁটি রেখে পিচ করার সময় আমরা আপত্তি জানিয়েছিলাম। তবে তখন সংশ্লিষ্টরা আমাদের কথা শোনেনি। আমাদের এখন একটাই দাবি সড়কের ওপর থেকে খুঁটিগুলো দ্রুত সরিয়ে ফেলা হোক।’
ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক ইয়াদ আলী বলেন, ‘সড়কের ওপর খুঁটিগুলো অপসারণের জন্য আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে টাকা জমা দিয়েছি। আমরা আশা করছি খুব দ্রুতই সড়কের ওপর থেকে খুঁটি সরানো হবে।’
হরিণাকুণ্ডু পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে টাকা জমা দিয়ে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য আবেদন করেছে। আমরা চেষ্টা করব খুব দ্রুতই ওই সড়ক থেকে খুঁটিগুলো সরিয়ে ফেলার।’
ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতিকে টাকা পরিশোধ করেছে বলে আমাকে জানিয়েছে। আমাদের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের কিছু প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে সড়কের ওপর থেকে খুঁটি অপসারণের কাজ শুরু করবে।’