স্পোর্টস ডেস্ক
চলতি বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে দলে টানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি। পরে গত ৮ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানস জানায়, চোটে পড়া আরেক প্রোটিয়া পেসার লিজার্ড উইলিয়ামসের পরিবর্তে বশকে দলে নিয়েছে তারা। পরে বশের নামে আইনি নোটিশ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার পুরো ব্যাপারটি খোলাসা করলেন বশ।
চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে বশকে পাঠানো আইনি নোটিশের বিবৃতিতে পিসিবি বলেছিল, ‘ওই খেলোয়াড়ের (বশ) এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’
আইনি নোটিশের ব্যাখ্যায় বশ জানান, পিএসএলকে ছোট করার ইচ্ছা তার নেই। মুম্বাই ইন্ডিয়ান্সকে বেছে নেওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক। মুম্বাই আইপিএলে বেশ দাপুটে দল। তাছাড়া, বিশ্বব্যাপী বেশ কয়েকটি লিগে এই ফ্র্যাঞ্চাইজিটির দল রয়েছে। যেটি ক্যারিয়ারে এগিয়ে যেতে বশের পক্ষে সহজ হবে। আর্থিক নিরাপত্তারও বশের আইপিএলকে বেছে নেওয়ার অন্যতম কারণ।
এদিকে, বশের পরিবর্তে পেশোয়ার জালমি তাদের দলে ভিড়িয়েছে ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মাইকেল ওয়েনকে। সবশেষ বিগ ব্যাশে সিডনি থান্ডারকে হারিয়ে হোবার্ট হারিকেন্সকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। ফাইনালে করেন টুর্নামেন্টের ইতিহাসের যৌথ দ্রুততম সেঞ্চুরি।
এবারই প্রথম সাংঘর্ষিক হয়েছে আইপিএল ও পিএসএলের সূচি। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। ফলে যেকোনো একটি টুর্নামেন্টে খেলতে হবে ক্রিকেটারদের।











































