Home আঞ্চলিক অস্তিত্ব সংকটে দাকোপের বাজুয়া চড়া নদী

অস্তিত্ব সংকটে দাকোপের বাজুয়া চড়া নদী

19


মোঃ শামীম হোসেন, দাকোপ
খুলনার দাকোপ অঞ্চলে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নদ-নদীগুলোতে বাঁধ নির্মাণ, টোনা জ্বাল পেতে মাছ ধরা, নদীর স্রোত বাঁধা প্রাপ্ত হওয়ায় নদীতে কচুরি পানা ভরে যাওয়া, কম বৃষ্টিপাতে নাব্য হ্রাস ও দখল-দূষণের কারণে বিরূপ প্রভাব পড়েছে দাকোপের অঞ্চলের নদ-নদীতে। নদ-নদীগুলোর স্বাভাবিক গতিপথও রুদ্ধ হয়ে গেছে। প্রভাব পড়েছে ফসল উৎপাদন ও কৃষি অর্থনীতিতে। জলবায়ু পরিবেশের বিরূপ প্রভাবের ফলে এ অঞ্চলের পরিবেশ বিপন্ন হতে চলেছে। এক সময়ে দাকোপ অঞ্চলের নদীগুলো ছিল প্রমত্তা যৌবনা। এখন হারিয়ে যেতে বসেছে অস্তিত্ব। এর নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি, পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে। নদ-নদীগুলোর তলদেশে চর জেগে ওঠায় সেখানে স্থানীয়রা কৃষিকাজ করছেন। কোথাও নদীর মাঝে বাঁধ দিয়ে পানির গতিপথ পরিবর্তন করছেন স্থানীয় লোকজন। এতে পানি সংকটের কারণে জমিতে বাড়তি পানি সেচ দিতে হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুৎ খরচের বোঝা বইতে হচ্ছে কৃষক পরিবারগুলোকে। কৃষি উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। নদীগুলো শুকিয়ে যাওয়ায় অনেক জলজপ্রাণীর অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। অধিক শুষ্কতার কারণে জমির উর্বরা শক্তিও কমে যাচ্ছে।
নদী বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নদীরক্ষা কমিশনের অধীনে রাষ্ট্রীয় পরিচর্যায় নদীগুলোকে বাঁচিয়ে রাখতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শতভাগ আগের অবস্থায় ফেরানো না গেলেও এখন নদীগুলো যে অবস্থায় আছে, তা অবিকৃত রাখার ব্যবস্থা করা সম্ভব। এমনকি অনেক দখলদারকে উচ্ছেদ করে নদীর প্রাণ ফেরানো সম্ভব। এতে নদীগুলো বিলুপ্তির কবল থেকে রক্ষা পাবে। খুলনা জেলায় প্রায় নদ-নদীর অস্তিত্ব হারিয়ে যাওয়ার পথে। যেসব নদীর অস্তিত্ব হারিয়ে গেছে সেগুলোতে এখন গড়ে উঠছে বসতি ও ফসলের খেত। অনেক স্থানে এসব নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় উপজেলার বাজুয়া চড়া নদীতে ট্রলার,লঞ্চ, নৌকা চলতো অনেক জোরে সরে। এ নদীর এখন কোনো অস্তিত্ব নেই বললে চলে। জমির বুক চিরে বেরিয়ে এসেছে হাজার হাজার একর আবাদি জমি। নৌকার পরিবর্তে সেখানে চলছে এখন কলের লাঙল। ৪ দশক আগেও চড়া নদীতে নৌকা চলেছে পাল তুলে। হাজার হাজার জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে। সেই চড়া নদীর বুকে এখন ফসলের আবাদ হচ্ছে। চড়া নদীতে ছোট বড় মিলিয়ে প্রায় ২০টির মতো খেয়াঘাট ছিল। সেগুলো এখন অতীত।
চড়া নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, একসময়ের প্রাণচাঞ্চল্য এসব নদী এখন মরা নদীতে পরিণত হয়েছে। নদীর পানি না থাকায় স্থানীয় কৃষকরা বোরো ধান চাষ ও তরমুজ চাষ করতে যেয়ে পড়ছে মহাবিপদে। এসব অঞ্চলের নদ-নদীগুলোতে ১২ মাস নৌকা চলত। খেয়াঘাটগুলোতে কাজ করে বিপুল সংখ্যক পরিবার জীবিকা নির্বাহ করত। এখন এসব অনেক নদ-নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া অসংখ্য নদী আজ মৃত প্রায়। এই নদীর উপর অসংখ্য জেলে পরিবার ও খেয়াঘাটের মাঝিরা জীবিকা নির্বাহ করতেন। তারা এখন পেশা বদল করতে বাধ্য হয়েছেন। অনেকে কাজের সন্ধানে অন্যত্র চলে গেছেন।
চড়া নদীর পাশে বসবাসরত কৃষক সুকুমার বলেন, চড়ার বুকে এখন বিস্তীর্ণ চরাঞ্চল। যে যেখানে পারছেন সেখানেই দখল করে কৃষিকাজ করছেন। একসময় চড়া নদীর ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বনমালি। তিনি বলেন, তাদের তিন পুরুষের পেশা ঘাটের মাঝি হিসাবে কাজ করা। এখন চড়া নদীতে নৌকা চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। হায়রে নদী এক সময় সকাল থেকে রাত পর্যন্ত নৌকা বেয়ে কাটিয়েছি এখন যা স্বপ্ন ছাড়া কিছু না।