Home Lead শেখ হেলাল দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার দায়ে দুদকের মামলা

শেখ হেলাল দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ার দায়ে দুদকের মামলা

14


ঢাকা অফিস
বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরীর মাত্র ১৩ কোটি ২৮ লাখ টাকার সম্পদ খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে এই সম্পদ। এর মধ্যে রুপা চৌধুরীর সম্পদই বেশি। তবে এগুলো তাদের জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাদের বিরুদ্ধে নামে-বেনামে দেশে-বিদেশে বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, প্লট, ব্যাংকে জমানো টাকা, মেয়াদি আমানত, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা সম্পদ থাকার তথ্য রয়েছে। তবে দুদকের অনুসন্ধানে সেসবের খোঁজ মেলেনি। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হেলালের সাতটি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হেলাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা-১ কার্যালয়ে পৃথক দুটি মামলা হয়েছে। দুদকের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শেখ হেলালের বিরুদ্ধে এবং সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে রুপা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে বলা হয়, শেখ হেলালের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে, যা তিনি ভোগদখলে রেখেছেন। তিনি সাতটি ব্যাংক হিসাবে ২৭ কোটি ২৪ লাখ টাকা জমা ও ২৬ লাখ ২৯ হাজার টাকা উত্তোলন করেন। এই হিসাব অনুযায়ী, সন্দেহজনক লেনদেন ৫৩ কোটি ৫৪ লাখ টাকার।
এজাহারে শেখ রুপা চৌধুরীর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ টাকার বেশি সম্পদ উল্লেখ করা হয়েছে। এই মামলায় শেখ হেলালকেও আসামি করা হয়েছে।