Home আঞ্চলিক খনন করেও প্রাণ ফেরেনি প্রাণসায়ের খালে

খনন করেও প্রাণ ফেরেনি প্রাণসায়ের খালে

7

সাতক্ষীরা প্রতিনিধি
আবারও আগের চেহারায় ফিরে গেছে সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খাল। ১০ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করেও কোনো কাজে আসলো না। বর্তমান এই খালটি অবৈধ দখল এবং আবর্জনা বর্জ্য নিক্ষেপের কারণে শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষণ করছে।
জেলা শহরের বৃহত্তম সুলতানপুর বড় বাজারের মাছ আড়ত ও কসাইখানার প্রতিদিনের নিক্ষিপ্ত বর্জ প্রাণসায়ের খালে ফেলার কারণে মারাত্মকভাবে পরিবেশ দুষণ করছে। তাছাড়া ওই সব বর্জ্য আবর্জনা পঁচে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে সুলতানপুর বড় বাজার সংলগ্ন এলাকা ও প্রাণসায়ের খালের দু’পাশে মানুষজনের বসবাস করা মুশকিল হয়ে পড়েছে।
বুধবার দুপুরে সুলতানপুর বড়বাজার এলাকায় গিয়ে দেখা যায়, পৌর পিলখানার পশু জবাইয়ের ময়লা আবর্জনা ও মাছ বাজারের সমস্ত বর্জ্য প্রাণসায়ের খালে ফেলে স্তুপ করা হয়েছে। এছাড়া প্রাণসায়ের খাল দখল করে নির্মাণ করা হয়েছে মাছের কাটা বা আড়তসহ অন্যান্য অবৈধ স্থাপনা।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, প্রাণসায়ের খালের দু’পাশে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি খালের পাড়ে পৌরসভার কোনো ডাস্টবিন স্থাপন না করার জন্য অনেকবার সুপারিশ করা হয়েছে কর্তৃক্ষের নিকট। কিন্তু কোনো সিদ্ধান্তই কাজে আসছেনা। তিনি আরও বলেন, শহরের বুক চিরে এমন সুন্দর একটি খাল আছেÑযা এ শহরের শোভাবর্ধনে অনন্য। অথচ সেই খালটি পরিবেশ দুষণ করে শহরবাসির রীতিমত গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে গত দুই আড়াই বছর আগে প্রাণসায়ের খালটি পুনঃখনন করা হয়েছে খানিকটা দায়সারাগোছের। যা এখন কোনো কল্যাণে আসছেনা শহরবাসির।
প্রাণসায়ের খালপাড়ে অবস্থিত শহরের রাধানগর এলাকার সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল জানান, প্রাণসায়ের খালের পানি পঁচে মারাত্মক দুর্গন্ধ ছড়ায়। এতে করে ছাত্রছাত্রীরা যেমন অস্বস্তি বোধ করে। অনেকে স্কুলে আসতে চায়না দুর্গন্ধের কারণে। অনেক সময় বমি হয়ে যাওয়ার উপক্রম হয় ছাত্র বা শিক্ষকদের।
প্রাণসায়ের খাল পাড়ের বাসিন্দা এড. ড. দিলীপ কুমার দেব ও মনিরুল ইসলাম জানান, প্রাণসায়ের খালটি পুনঃখনন করেও কোনো কাজে আসলো না। শুধু সরকারের কোটি কোটি টাকাই নষ্ট হলো। আগের রূপে ফিরে গেছে প্রাণসায়ের খাল। বর্জ্য বা আবর্জনা খালের পানিতে ফেলার কারণে তা পচেঁ আশপাশের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। পথচারীরা স্বাচ্ছন্দে চলাচল করতে পারেনা খালের দুর্গন্ধের কারণে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল জানান, সাতক্ষীরা পৌরসভায় দুই লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু এখানে অপরিকল্পিতভাবে নগরায়ন করা হয়েছে। তিনি বলেন, প্রাণসায়ের খাল শহরের দৃষ্টিনন্দন বা শোভাবর্ধন করার কথা। এখানে পর্যকটরা আসবে। খালের দু’পাশে ঘুরাফেরা করবে আগত পর্যকট। কিন্তু সেখানে আমরা কি দেখছি, সাধারণ মানুষ প্রাণসায়ের খালের পাশ দিয়ে চলতে চায়না। কারণ খালের পানি পচেঁ দুর্গন্ধ ছড়াচ্ছে। পানিতে ভাসছে ময়লা আবর্জনা। খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এরপরও খালটি পুন:খননের উদ্যোগ নেয় সরকার। ১০ থেকে ১২ কোটি টাকা ব্যয়ে প্রাণসায়ের খাল পুনঃখননের শুরুতে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। একপর্যায়ে খালটির একাংশ বাদ রেখেই খনন শেষ করা হয় ২০২২ সালের দিকে। তারপর থেকে সেই অবস্থায় রয়েছে। সরকারের কোটি কোটি টাকা নষ্ট হলো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এব্যাপারে সাতক্ষীরা পৌরসভার পিলখানার দায়িত্বপ্রাপ্ত সেনিটারী ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, শহরের মাংস ব্যবসায়ীদের নির্দেশ দেয়া আছে পশু জবাইয়ের কোনো ময়লা আবর্জনা প্রাণসায়ের খালে বা আশপাশে ফেলা যাবেনা। কিন্তু যেসব মাংস ব্যবসায়ী এ নির্দেশ অমান্য করে প্রাণসায়ের খাল নোংরা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া পৌরসভার নিজস্ব কোনো পিলখানা নেই। এসব মাংস ব্যবসায়ীরা মূলত বিচ্ছিন্নভাবে পশু জবাই করে বলে জানান তিনি।
এব্যাপারে ভারপ্রাপ্ত পৌর মেয়র ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদাউস জানান, প্রাণসায়ের খালে কোনো প্রকার আবর্জনা যাতে না ফেলা হয় সেজন্য সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে সুন্দরবন ফাউন্ডেশন নামে একটি বর্জ্য ব্যবস্থাপনা কমিটি করে দেয়া হয়েছে। ওই সংগঠনের সদস্যরা শহরের ময়লা আবর্জনা সংগ্রহ করে তা পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশনে রাখবেন। কিন্তু তারপরও কেন প্রাণসায়ের খালে আবর্জনা ফেলে পরিবেশ দুষণ করা হচ্ছে সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া প্রাণসায়ের খালের পরিবেশ রক্ষা করতে হলে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই প্রাণসায়ের খালের যেমন সৌন্দর্য্য বৃদ্ধি পাবে, তেমনি শহরের পরিবেশও ভালো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বৃটিশ শাসনামলের ১৮৬৫ সালে ততকালিন সাতক্ষীরার জমিদার প্রানণাথ রায় চৌধুরী বেতনা ও মরিচ্চাপ নদীর সাথে সংযোগ রেখে খনন করেন ১৩ কিলোমিটার দৈর্ঘ্য এবং ২০০ ফুট প্রস্থ প্রাণসায়ের খাল। পরবর্তীতে প্রাণসায়ের খাল কেন্দ্র গড়ে উঠে সাতক্ষীরাতে ব্যবসা বাণিজ্য। সরাসরি কলকাতা থেকে মালামাল বোঝাই বড় বড় নৌকা ও লঞ্চ চলাচল করতো এই প্রাণসায়ের খাল দিয়ে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক জেলার সাথে নৌপথে যাতয়াতের মাধ্যম ছিলো এই প্রাণসায়ের খাল।