খুলনাঞ্চল রিপোর্ট
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। ধর্ষকদের বিচারের দাবিতে শনিবার মধ্যরাত থেকেই শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। সড়কে নেমে বিক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এছাড়া রোববার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নারী অধিকার কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও এই প্রতিবাদ-বিক্ষোভে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এসব সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়েছে। নারীদের নিরাপত্তায় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। ঢাবিতে নারী শিক্ষার্থীদের নিয়ে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাবির বিভিন্ন বিভাগের ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি লাঠি মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ওদিকে ধর্ষকদের ফাঁসির দাবিতে মাগুরায় আদালত চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা ও আইনজীবীরা। আসামিপক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোরও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। উ™ূ¢ত পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে সরকার। উদ্যোগ নিয়েছে নারী নির্যাতন ও ধর্ষণসংক্রান্ত আইন সংশোধনের। ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। মামলার তদন্ত ৩০ দিনের পরিবর্তে ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে। তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না।
এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় সারা দেশ যখন উত্তাল পরিস্থিতির মধ্যেও ঢাকায় ঘটেছে গণধর্ষণের লোমহর্ষক ঘটনা। এর আগে শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক কলেজছাত্রী। ওই ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় এলাকায় চরম ক্ষোভ-বিক্ষোভ চলছে। একইদিন নরসিংদী থানায় দায়ের করা হয়েছে আরেকটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা। সদর উপজেলার পাঁচদোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে একটি বাসায় দুদিন আটকে রেখে ধর্ষণ করা হয়।
৬ মার্চ (বৃহস্পতিবার) মাগুরা শহরে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যারও চেষ্টা করে আসামিরা। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাগুরা থেকে ফরিদপুর প্রথমে মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার বিকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে লড়ছে। রোববার সকালে গুরুতর অসুস্থ শিশুটিকে সিএমএইচে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দিয়েছি।











































