Home আলোচিত সংবাদ সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে: রিজভী

সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে: রিজভী

11

ঢাকা অফিস।।

অন্তর্বর্তী সরকারের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি, সরকারের মধ্যে কিচেন কেবিনেট (সরকারের খুব ঘনিষ্ঠ) আছে। তাদের কারণে ড. ইউনূস একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি তো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সমমর্যাদার। তিনি তো উন্নয়নের জন্য কিছু সিদ্ধান্ত একাই নিতে পারেন। কিন্তু কিছু উপদেষ্টা সেটি হতে দিচ্ছেন না। যারা কিছু কাজ করতে চান, যারা ভালো কিছু করতে চান- তাদের বিরুদ্ধেই, এই সরকারের বিরুদ্ধেই লেগে যান তারা।


গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন এমপিও শিক্ষক ঐক্য পরিষদ’র লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে রিজভী এসব কথা বলেন। এতে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মো. মনিমুল হক প্রমুখ।

রিজভী বলেন, ড. এম আমিনুল ইসলাম একজন মেধাবী শিক্ষক, একজন বড় একাডেমিশিয়ান। আমরা অনেকেই তাকে চিনি। আমরা চিনি বলেই কী তাকে অপমানিত করা হচ্ছে? তিনি বলেন, কতিপয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার কান ভারি করে অথবা নানাভাবে চক্র করে নাম ঘোষণা করার পরও আমিনুল ইসলামকে শিক্ষা উপদেষ্টার মতো জায়গায় না দিয়ে চক্রান্ত করা হয়েছে।

রিজভী আরও বলেন, এই নন এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছেন, সেই দাবির প্রতি সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো কর্ণপাত করা হয়নি। এটাতো আবু সাইদের রক্তঝরা সরকার, মুগ্ধের রক্তঝড়া সরকার, এটাতো আহনাফের রক্ত ঝড়া সরকার। অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই। কিছু কিছু উপদেষ্টা এই কাজ করছেন। তাদের (শিক্ষক) দিকে কোনো দৃষ্টি দেওয়াতে দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে।