
সীমান্তে ভারতীয় মদসহ প্রায় তেরো লক্ষ টাকার মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনস্থ ভোমরা, বাঁকাল চেকপোষ্ট, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৭-এস আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হিজলদী নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে।
অপরদিকে, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৪/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বাঁকাল চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদর থানাধীন বাঁকাল চেকপোষ্ট এর ব্রিজ নামক স্থান হতে ৩২,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস ও তালা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস এর আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশাস নামক স্থান হতে ৩৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও বোরকা আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৬-এস হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দায়িত্বাধীন কামারবাড়ি আমবাগান নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ারী ও কুটিবাড়ী নামক স্থান হতে ৪,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী ও ঔষধ আটক করে। এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দায়িত্বাধীন ভাদিয়ালী ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ১২,৫২,৫০০/ (বারো লক্ষ বায়ান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
নগরীতে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার ১
সটাফ রিপোর্টার
নগরীর কেএমপি’র হরিণটানা থানার একটি টহল টিম হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ জিরোপয়েন্ট হোটেল রুচির সামনে থেকে মো: মফিজুর রহমান (৫৫) কে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, হরিণটানা থানার খুলনা- সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে রাতে একটি গাড়িতে চেক করা হয়। এসময় মো: মফিজুর রহমানের নিকট একটি ব্যাগে চেক করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃত মফিজুর যশোর ঝিকরগাছার নিশ্চিন্তপুরের মৃত শের আলী মন্ডলের পুত্র।
পুলিশ জানায় অপর জন একই জেলার ঝিকরগাছা থানার সোনাকৌড় এলাকার অমর চৌধুরীর পুত্র শান্তনু কৌশলে পালুয়ে যায়।
এই ব্যাপারে হরিণটানা থানার মাদকদ্রব্য আইনে দুই জনের নামে একটি দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তাং-০৪/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১।
রূপসায় কথিত এক ডেন্টাল ডাক্তারের অপ চিকিৎসায় শিকার হয়ে এক রোগী গুরুতর অসুস্থ
রূপসা প্রতিনিধি
রূপসায় দাঁতের ডাক্তার নামের এক কসাইয়ের অপ চিকিৎসার কারণে শাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা ভোগান্তির শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায়। এ বিষয়টি ডেন্টাল নামধারী চিকিৎসক মিজানুর রহমান জুয়েলের কাছে জানালেও এ ব্যাপারে সে কোন প্রতিকার বা কোন ব্যবস্থা গ্রহনে অপরাগতা প্রকাশ করায় চরম বিপাকে রোগী ও তার পরিবার।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে প্রকাশ, রূপসা উপজেলার রামনগর গ্রামের মৃত বশির উদ্দিন চৌধুরীর স্ত্রী শাহানারা বেগম প্রচন্ড দাঁতে ব্যাথার কারণে স্থানীয় কোয়াক ডাক্তার মিজানুর রহমান (জুয়েলের) মালিকানাধীন রাইয়ান ডেন্টাল কেয়ার সেন্টারে ভর্তি হন। রোগী ভর্তির পর ডাক্তার নিজের কাজে ব্যস্ত থেকে তার এক সহযোগীকে দিয়ে রোগীর মাড়িতে ব্যাথা নাশক ঔষধ পুশ না করে মাড়ির উপরিভাগে টাগরাতে ইনজেকশন পুশ করে। যে কারণে দাঁতের ব্যথা ভালো তো হয়নি বরং ক্ষতস্থানে দিন দিন ইনফেকশন হতে থাকে। আর এ কারণে রোগীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের লোকজন দ্রুত রোগীনিকে খুলনা একটি ডেন্টাল ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।। এ বিষয়টি কথিত ওই ডাক্তারকে জানালে তিনি বিষয়টি কোন ভুরুক্ষেপ না করে রোগিনির ছেলে সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন। কথিত এই ডাক্তার দীর্ঘদিন ধরে রূপসা থানাধীন পূর্ব রূপসা বাজারের আদর্শ গলি (আড্ডা গলিতে) দাপটের সাথে ১০/১২ বছর যাবৎ ব্যবসা করে আসছেন। তিনি মনে করেন, তাকে প্রতিরোধ করার মত কেউ নেই। আরো অভিযোগ রয়েছে এই ডাক্তারের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সহ বিভিন্ন লোককে দিয়ে তিনি সহকারী হিসাবে কাজ করিয়ে নিচ্ছেন। তাছাড়া এই ডাক্তারের বিরুদ্ধে কমিশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানির ঔষধ বাণিজ্য ও এজেন্ট নিয়োগে রোগী আনতে কমিশন সিস্টেম চালু রেখেছে বলে অভিযোগ রয়েছে। এলাকার ভুক্তভোগী মহলের প্রত্যাশা এই ঘটনার সঠিক তদন্ত-পূর্বক দোষীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী রোগীর মতো অপ চিকিৎসার শিকার হয়ে অন্যকোন রোগী ভোগান্তিতে না পড়ে।
খুলনার বাজারে ভোক্তার-অধিকারের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৯টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৫৮ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার ভোক্তা অধিকারের ৯টি টিম তদারকিমূলক এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে নগরীর দৌলতপুরের সোনাপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে। এছাড়া সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার বিত্তিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০ টাকা, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার নাকোল বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ডিঙ্গদাহ ও সারোজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার চুড়ামনকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে সদর উপজেলার সরকারি কলেজ মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার মাইজপাড়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
দুই ভোট পাওয়া কাজী মাহমুদ’র ভবিষ্যৎ কি ?
স্টাফ রিপোর্টার
সদ্য সমাপ্ত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ০২ ভোটের মালিক কাজি মাহমুদ কি করবেন? তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কি হবে? এই প্রশ্ন এখন দলের নেতা-কর্মীদের মুখে মুখে। বিষয়টি এখন টক অব দ্য খুলনা বিএনপি। গেল ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সম্মেলনে শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তিনজন প্রার্থীর মধ্যে আলোচিত কাজী মাহমুদ আলী পেয়েছেন মাত্র ২ ভোট।
সুত্র বলছে, দলের তাত্ত্বিক নেতা হিসেবে কাজি মাহমুদের জনপ্রিয়তার কমতি নেই। আলাপচারিতায় বিনয়ী। ২০১৭ সালে গ্রেপ্তার হয়ে কাজি মাহমুদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। পতিত শেখ হাসিনার আমলে একাধিকবার কারাবন্দী হয়েছেন। নানা সমীকরণে কাজি মাহমুদের শেষ বয়সে বেহাল দশায়ই যারপরনাই বিস্মিত- মর্মাহত- বিব্রত।
সুত্র বলছে, সম্মেলনের আগে হঠাৎ করেই কাজি মাহমুদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কাজি মাহমুদের স্ত্রী জানান, খাবারে অরুচি ও নিদ্রাহীনতা কাজি মাহমুদকে দুর্বল করে ফেলে। এর পাশাপাশি প্রেসার ও ডায়াবেটিসের নিয়ন্ত্রণহীনতার কারণে কাজি মাহমুদ আরও অসুস্থ হয়ে পড়ে। সম্মেলনের আগের দুদিন তো কাজি মাহমুদ সোজা হয়ে দাড়াতেই পারেননি ফলে এমন বিপর্যয় ঘটেছে।
ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহের দুই দিনের পর্যবেক্ষণ শেষ
খুলনাঞ্চল রিপোর্ট
ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের বর্তমান অবস্থার বিষয়ে গত দুই দিন ধরে সরেজমিনে পর্যবেক্ষণ করেন বাংলাদেশ ও ভারতের কারিগরি বিশেষজ্ঞ ও অন্যান্য কর্মকর্তারা। মঙ্গলবার ও বুধবার বাংলাদেশের প্রতিনিধিদল বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। গঙ্গার ভাটি এলাকায় পানির স্তর ও ফিডার খালগুলো তারা পর্যবেক্ষণ করেন । সঙ্গে ছিলেন ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডেসহ ভারতীয় কারিগরী বিশেষজ্ঞরা।
ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে জানান, পানি প্রবাহের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং গঙ্গার পানির প্রবাহ নিয়ে তথ্য বিনিময় করেছি।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন, জানুয়ারি থেকে মে পর্যন্ত শুষ্ক মওসুমে প্রাকৃতিক কারণেই প্রতি দশ দিনে গঙ্গার পানির স্তর হ্রাস-বৃদ্ধি হয়। কলকাতার বৈঠকে এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
জানা গিয়েছে, মঙ্গলবার ফারাক্কায় গঙ্গায় পানির প্রবাহ ছিল ৬৮ হাজার কিউসেক। তবে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ভারত ও বাংলাদেশ গঙ্গা-পদ্মার পানিবণ্টন চুক্তি অনুযায়ী শুষ্ক মওসুমে পানির স্তর অনুযায়ী বাংলাদেশ প্রতি দশ দিনে ৩৫ হাজার কিউসেক ও ভারত ৪০ হাজার কিউসেক পানি পাওয়ার কথা বলা রয়েছে।
ভারত সফরে আসা বাংলাদেশের কারিগরি বিশেষজ্ঞরা সোমবার কলকাতায় পৌঁছানোর পরই ট্রেনযোগে ফারাক্কায় যান। সেখানে দুই দিন ধরে চলে পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের সমস্ত তথ্য বৃহষ্পতিবার কারিগরী বিশেষজ্ঞ কমিটির বৈঠকে পেশ করা হবে বলে জানা গিয়েছে। যৌথ নদী কমিশনের তত্ত্বাবধনে দুই দেশের কারিগরী বিশেষজ্ঞ কমিটির বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাবও দেওয়া হতে পারে। তবে বৈঠকের সিদ্ধান্ত সমূহ দুই দেশই তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেশ করবেন। তার ভিত্তিতেই আগামী দিনে চুক্তির পুনর্নবীকরনের আলোচনা হবে। তবে কমিশনের বৈঠক কবে হবে তা এখনো জানা যায় নি।
উল্লেখ্য, গঙ্গা-পদ্মা পানি চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই হিসেবে ৩০ বছর মেয়াদি সেই চুক্তির পুনর্নবীকরণ হওয়ার কথা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে।
৫ দিনের সফর শেষে ৮ মার্চ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্দিষ্ট উড়ানে বাংলাদেশের প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে যাবেন।










































