Home খেলাধুলা চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পালনে অনীহা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত

চ্যাম্পিয়নস ট্রফির দায়িত্ব পালনে অনীহা, পাকিস্তানে ১০০ পুলিশ বরখাস্ত

8


স্পোর্টস ডেস্ক

পাকিস্তানে চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে নিরাপত্তার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর জন্য পাঞ্জাব পুলিশের ১০০ জনেরও বেশি পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন।

গতকাল মঙ্গলবার পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা জানান, একাধিকবার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকার জন্য ১০০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ও অফিসারকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও অনেকে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে তাদের নির্ধারিত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ‘লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং খেলোয়াড়দের থাকার নির্ধারিত হোটেলগুলিতে থাকা দলগুলোর নিরাপত্তার জন্য পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তারা হয় অনুপস্থিত ছিলেন অথবা সরাসরি তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন।’

তিনি জানান, পুরো বিষয়টি পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার পর্যবেক্ষণ করেছেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ‘আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই’ বলে জানান তিনি।

বরখাস্ত পুলিশ সদস্যরা কেন তাদের নির্ধারিত দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছেন সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না থাকলেও বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, বরখাস্ত পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের কারণে অতিরিক্ত চাপ অনুভব করছিলেন।

এদিকে, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে সম্ভাব্য সন্ত্রাসী হুমকির খবর উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গত সোমবার জিও নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ‘আমি রেকর্ডে বলতে চাই যে পাকিস্তান শান্তিপূর্ণভাবে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে। আমাদের মাঠ কানায় কানায় পূর্ণ। সারা বিশ্ব থেকে দর্শক এখানে এসেছেন। জনতা উল্লাসে মেতে উঠেছে, আমাদের রাস্তাঘাট ক্রিকেটের জয় উদযাপনকারী মানুষে ভরে গেছে।’