Home আঞ্চলিক ট্রাক উল্টে শিশু ও ট্রেনে কাটায় যুবক নিহত

ট্রাক উল্টে শিশু ও ট্রেনে কাটায় যুবক নিহত

8


স্টাফ রিপোর্টার
খুলনা জেলার তেরখাদায় ট্রাক উল্টে আবু রায়হান নামের আট বছরের এক শিশু নিহত হয়েছে। এছাড়া কেএমপির লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকায় খুলনা-মংলা রেললাইনে কাটা পড়ে রাজিব টিকাদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তেরখাদার মধুপুর ইউনিয়নের দক্ষিণ মোকামপুরে ট্রাকের চাপায় শিশু ও দুপুরে সাচিবুনিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রলি চালক রুবেল বিশ্বাস সকালে বালুভর্তি ট্রলি নিয়ে তেরখাদার দক্ষিণ মোকামপুর আগা খালের দিকে যাচ্ছিলেন। তিনি দক্ষিণ মোকামপুর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছানোর কিছু আগে থেকে ২/৩ টি শিশু ট্রলির পেছনে ঝুলে থাকে। ট্রলি চালক রুবেল বিশ্বাস মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে ট্রলিটি উল্টে খালের মধ্যে চলে যায়। এসময় বাচ্চাদের মধ্যে অন্য দুইজন পানির মধ্য থেকে নিরাপদে উঠে গেলেও আবু রায়হান নামের শিশুটি ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে চালক রুবেল অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এলাকাবাসী দ্রুত এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত ট্রলি চালক রুবেল বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে খুলনার সাচিবুনিয়া এলাকায় রাজিব টিকাদার নামের এক যুবক বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ট্রেনে কাটা পড়ে নিহত হন। তার লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।