Home খেলাধুলা ইংল্যান্ড দলে কার্সের বদলি রেহান

ইংল্যান্ড দলে কার্সের বদলি রেহান

7


স্পোর্টস ডেস্ক

অবশেষে ব্রাইডন কার্সকে নিয়ে আশঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তার পরিবর্তে লেগ স্পিনার রেহান আহমেদকে দলে নিয়েছে ইংল্যান্ড।

টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি ২০ বছর বয়সী রেহানকে ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত করার অনুমতি সোমবার দিয়েছে।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে ভারত সফরের সময় বাঁ পায়ের আঙুলে সমস্যা দেখা দেয় কার্সের। তাতে তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও পুরোপুরি ফিট মনে হয়নি তাকে। হেরে যাওয়া ম্যাচটিতে সবচেয়ে খরুচে ছিলেন কার্স।

যেখানে ওই ম্যাচ খেলে আঙুলের অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ায় সোমবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। এবার ছিটকেই গেলেন পুরো টুর্নামেন্ট থেকে।

রেহান এখন পর্যন্ত ৬ ওয়ানডে খেলে ১০ উইকেট নিয়েছেন। ভারত সফরের দলেও ছিলেন তিনি। কিন্তু কোনো ম্যাচ খেলানো হয়নি তাকে। বৈশ্বিক আসরে প্রথমবার খেলার হাতছানি তার সামনে।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১ মার্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।