স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস চ্যাম্পিয়নস ট্রফির ঠিক আগে আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। এবার আসরের মাঝেই অবসর নিলেন আরও এক অজি কিংবদন্তি। তিনি দাঁড়ি টানলেন ৫২ বছরের বর্ণোজ্জ্বল ক্যারিয়ারের।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল চিরতরে তুলে রাখলেন নিজের কলম। চ্যাপেল খেলা ছাড়েন ১৯৮০ সালে। তবে কলমের মাধ্যমে ক্রিকেটবিশ্বে ছড়ি ঘোরানো জারি ছিল তার। অবশেষে নিজের সাংবাদিকতা ক্যারিয়ারেও দাঁড়ি টানলেন ইয়ান।
গত রবিবার চ্যাপেল জানিয়ে দেন, তিনি শেষবার কলম ধরছেন ক্রিকেটপ্রেমীদের জন্য। সেদিনই ইএসপিএন-ক্রিকইনফোর হয়ে চ্যাপেন নিজেল শেষ কলাম লেখেন।
অবসরের কথা ঘোষণা করে চ্যাপেল বলেন, ‘৫০ বছরেরও বেশি হয়ে গেল আমি লেখালিখি করছি। তবে এবার থামার সময় এসেছে এবং এটাই আমার শেষ কলাম। সাংবাদিকতা থেকে অবসর নেওয়াটা ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর মতোই মনে হচ্ছে।’
ইয়ান পরক্ষণেই লেখেন, ‘খেলোয়ড় জীবনে আমি সাবেক অজি অধিনায়ক রিচি বেনোকে জিজ্ঞাসা করেছিলাম যে, অবসর নেওয়া কঠিন সিদ্ধান্ত কিনা। সে বলে, না ইয়ান, সত্যি বলতে এটা খুব সহজ সিদ্ধান্ত। সঠিক সময়টা তুমি নিজেই বুঝতে পারবে।’
এদিকে নিজের সাংবাদিকতা ক্যারিয়ার নিয়ে ইয়ান লেখেন, ‘শত ধাক্কা সত্ত্বেও আমি কখনও ডেডলাইন মিস করিনি। বার দু’য়েক কাছাকাছি সময়ে পৌঁছে গিয়েছিলাম, তবে দেরি হয়নি। আমার স্ত্রী এক্ষেত্রে আমাকে সর্বদা উদ্বুদ্ধ করেছে এবং সেই সঙ্গে দুর্দান্ত সাব-এডিটরেরও কাজ করেছে। তবে এবার সময় এসেছে আমার কম্পিউটারের লেখনি বিভাগটা বন্ধ করার। যেহেতু লেখাটা আমার অন্যতম প্রিয় কাজ ছিল, তাই এটা মিস করব।’
৮১ বছরের ইয়ান চ্যাপেল নিজের শেষ কলামে এটাও স্পষ্ট করেন যে, ১৯৯৮ সালে শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের দ্বৈরথ নিয়ে লেখাটা তার সাংবাদিকতা ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল মুহূর্ত। এছাড়া ব্রায়ান লারা, রিকি পন্টিংয়ের আগ্রাসন, ভিভিএস লক্ষ্মণের কলকাতায় ২৮১ রানের ইনিংস নিয়ে লেখাও তার সাংবাদিকতা ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন।
ইয়ান চ্যাপেল অস্ট্রেলিয়ার হয়ে মোট ৭৫টি টেস্ট ও ১৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ৫৩৪৫ ও ওয়ান ডে ক্রিকেটে ৬৭৩ রান সংগ্রহ করেন তিনি। দুই ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২২টি উইকেটও রয়েছে চ্যাপেলের।











































