ঢাকা অফিস
অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সদ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামকে নিয়ে সামাজিক যোগাযো মাধ্যম ফেসবুকে পোস্ট লিখেছেন, ‘সহকর্মী, সহযোদ্ধার সাথে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নাহিদ ইসলামকে শুভকামনা জানান তিনি।
এদিকে গত কয়েক দিন ধরেই নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে গুঞ্জন চলছিল। নাহিদও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই নতুন দলে যোগ দেবেন তিনি। মঙ্গলবার তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ সুগম হয়েছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।
ওইদিন বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম আর সদস্যসচিব হবেন আকতার হোসেন।
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলে। নাহিদের বাড়ি ঢাকার বাড্ডা এলাকার বরাঈদ ইউনিয়নে।











































