Home Lead মহানগর বিএনপির নেতৃত্বে মনা-তুহিন

মহানগর বিএনপির নেতৃত্বে মনা-তুহিন

74

খুলনাঞ্চল-এ প্রকাশিত সংবাদই সত্য হলো

স্টাফ রিপোর্টার।।
অবশেষে সত্য হলো দৈনিক খুলনাঞ্চল-এ প্রকাশিত সংবাদ। খুলনা মহানগর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন পরবর্তী কাউন্সিলে অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতি ও শফিকুল আলম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নগরের সার্কিট হাউস ময়দানের সম্মেলন-পরবর্তী জিমনেশিয়ামে কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন।


কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে শফিকুল আলম মনা পেয়েছেন ২৯৯ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম জহির পেয়েছেন ১৮৯ ভোট, সাহাজি কামাল টিপু ০৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শফিকুল আলম তুহিন পেয়েছেন ২৮৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরীর সাগর পেয়েছেন ২০৩ ভোট, কাজী মাহমুদ আলী পেয়েছেন ০২ ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ সাদী মাসুদ, ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভেজ বাবু ও ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসানুর রশিদ মিরাজ। তাদের প্রতিদ্বন্দী প্রার্থী মাহবুব হাসান পিয়ারু ভোট পেয়েছেন ১৭৬, শের আলম সান্টু পেয়েছেন ১০৬ ভোট ও তারিকুল ইসলাম তারেক পেয়েছেন ৭৮ ভোট।


খুলনা জেলা ষ্টেডিয়ামের ইনডোর অডিটোরিয়ামে বিকাল চারটা থেকে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শেষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান সম্মেলনের মঞ্চে এসে বিজয়ীদের নাম ঘোষণা করেন।


এ সময় আমানউল্লাহ আমান বলেন, যে নির্বাচিত হয়েছেন আর যারা নির্বাচিত হতে পারেননি সকলেই শহীদ জিয়ার সৈনিক। সকলকে মিলে আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিতে হবে। যারা নির্বাচিত হননি তারাও কমিটিতে থাকতে হবে। এ সময় তিনি বলেন, এই খুলনা মহানগরীর নেতা রকিবুল ইসলাম বকুল। নব্বইয়ে ছাত্র আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করেছি। রকিবুল ইসলাম বকুলের নেতৃত্বে আপনারা একত্রিত্ব থাকবেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র চক্রান্তের জ¦াল ছিন্ন করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।


এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এ্যাডঃ মাসুদ আহমেদ রনিসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় এবং কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ।


ফলাফল শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, এখানে জয় পরাজয় বিষয় না। এটি দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা। এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। তিনি বলেছেন যে জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমাদের সংগ্রাম করতে হবে। সেই সংগ্রামের প্রস্তুতিই আমরা নিচ্ছি। জনগনের কল্যানে আমরা সকলে মিলে কাজ করব। তিনি সকল কাউন্সিলরসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, নির্বাচনের দিন দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রধান সংবাদের শিরোনাম ছিলো “মনা-তুহিনই থাকছেন নেতৃত্বে”।