ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন কৃষকদলের সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে চিংড়া ট্রলার ঘাট ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি শেখ হাবিবুর রহমান হবি। সমাবেশের উদ্বোধক ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার বি এম আয়ুব আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন।
শেখ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আহমদ আলী ফকির, সাবেক উপজেলা কৃষক দলের সভাপতি শেখ আতিয়ার রহমান, মিজানুর রহমান লিটন,শেখ আব্দুল গফফার, আনছার আলী মোল্লা,এফ এম রফিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ,শেখ ফরিদুল ইসলাম,আব্দুল কাদের শেখ, শেখ আব্দুল জলিল,আব্দুল খালেক সরদার, এনামুল ইসলাম,হাফিজুর বাগাতি ,শেখ সবুজ ,বাবলুর রহমান ,সবুজ ইসলাম, জাহাতাব সরদার,জিল্লুর রহমান, আমিনুর রহমান,হাবিবুর রহমান, মহসিন হোসেন ,কোরমান শেখ, আবুল কাশেম মাস্টার হাফিজুর রহমান ,সরদার আব্দুর রাজ্জাক প্রমুখ।
মৎস্য চাষ, ব্যাবসা ও আমদানিতে অবদান রাখায় শ্রেষ্ঠ পুরুষ্কার পেলেন আনারুল
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগীয় ও সাতক্ষীরা জেলা মৎস চাষ, ব্যাবসা ও আমদানিতে বিশেষ অবদান রাখায় শ্রষ্ঠ পুরষ্কার পেলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আনারুল ইসলাম।
বাংলাদেশের মৎস্য খাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ফিসারিজ এন্টারপ্রেনার সামিট-২০২৫ অনুষ্ঠানে তিনি এই পুরষ্কার পান।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের সার্বিক দিকনির্দেশনায় এবং বিজম্যান মিডিয়া লিমিটেড এর আয়োজনে এই সামিটে দেশের বিশিষ্ট মৎস্য উদ্যোক্তা, গবেষক, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সামিটের মূল লক্ষ্য ছিল উদ্ভাবনকে উৎসাহিত করা, নেটওয়ার্কিং সুবিধা তৈরি করা, বাবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা, এবং মৎস্য খাতের নীতি সহায়তা জোরদার করা।
সামিটের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার। সেশনে সভাপতিত্ব করেন জিয়া হায়দার চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ। স্বাগত বক্তব্য রাখেন বিজম্যান মিডিয়া লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান।
‘শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই’
সাতক্ষীরা প্রতিনিধি
সুস্থ্য দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
উদ্বোধনী খেলায় এরিয়ান্স ক্লাব বলাম ইউনুস আলী স্মৃতি সংসদ অংশ নেয়। খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শেখ রফিকুর রহমান লাল্টু, শেখ রবিউল ইসলাম শিবলু, স্কোরার দায়িত্ব পালন করেন, মো. ফজলুল করিম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান ,ধারাভাষ্যকার হিসাবে ছিলেন দৈনিক খুলনাঞ্চলের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক মোঃ আসাদুল্লাহ সানা।
সুন্দরবন রক্ষায় কালিগঞ্জে যৌথ অভিজ্ঞতা বিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনকে রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জনের লক্ষ্যে রূপান্তরের আয়োজনে কালিগঞ্জে ইয়ুথ ফর দ্যা সুন্দরবন এর যৌথ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ফেব্রুয়ারি) বেলা ১০টা অফিসার্স ক্লাবে দিনব্যাপী পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যুব ফোরামের যৌথ সভা অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুব ফোরামের আহ্বায়ক কর্ণ বিশ্বাস কেডি,শ্যামনগর উপজেলা যুব ফোরামের আবহায়ক আশিকুর রহমান কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি রফিকুল ইসলাম।ফ্যাসিলিটেটর খালিদ লামি ও আরিজা আঁখি।
এসময়ে কালিগঞ্জ শ্যামনগর আশাশুনি তিন উপজেলার যুব ফোরামের ৪৫ জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির নবগঠিত কমিটিকে পাটকেলঘাটায় সংবর্ধনা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সংবর্ধনা দিয়েছেন তালা উপজেলা বিএনপি। বুধবার বিকালে পাটকেলঘাটা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
তিনি বলেন, দলে অনুপ্রবেশকারীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। তাদের যেন কেউ আশ্রয় প্রশ্রয় না দেয় সেদিকে আরও বেশি সজাগ হতে হবে। আমাদের দলের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। সবাইকে শান্ত থেকে অশুভ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ৫ আগস্ট না আসলে অনেক বিএনপি নেতা জেলে মারা যেতেন। আমি জেল থেকে বের হতে পারতাম না।
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নবগঠিত সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, নবগঠিত যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান আনিস, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. মহব্বত সরদার, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি শেখ রিজভী আহম্মেদ, সাধারণ সম্পাদক শেখ আবির হোসেন, শেখ আল আমিন হোসেন, খলিষখালী যুবদলের সভাপতি মেহেদি হাসান, নগরঘাটা ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ হোসেন মিলনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতা কর্মী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কর্মীসভা
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি সাতক্ষীরা উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আবুল হোসেনের সভাপতিত্বে কর্মীসভা পরিচালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পদাক মো: মাছুম মোল্ল্যা।
প্রধান অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ক্ষেত মজুর সমিতির সভাপতি ডা: ফজলুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মো: ইয়ার আলি, আব্দুল জলিল, ইসমাইল, সরুজ মিয়া, ইয়াসিন আলী, মো: আব্দুস সাত্তার, রাজু মোল্ল্যা প্রমুখ।
ঝিনাইদহে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল আদ্-দ্বীন হাসপাতাল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখানে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
শনিবার সকালে শৈলকুপা উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আদ্-দ্বীন স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা পালন করছে। দেশের নানা দুর্যোগে সরকারের পাশাপাশি আদ্-দ্বীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য সেবা পেয়ে মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। তাদের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।
আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ও শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। এসময় আরও উপস্থিত ছিলেন আবাইপুর যমুনা শিকদার কলেজের সভাপতি রোকনুজ্জামান রিয়াজ, আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রমূখ।
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরমপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার দুপুরে এই সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক সেলিম তাদের ওপর এ হামলা চালান।
এলাকাবাসী জানান, স্থানীয় বিএনপির নেতা বাচ্চু কয়েকজন আওয়ামী লীগের সমর্থকদের নিজ দলে আশ্রয় দিয়ে রেখেছেন। ভুক্তভোগীরা স্থানীয় মাতব্বর আতিয়ার রহমানের সমর্থক। স্থানীয় আওয়ামী লীগের নেতা সেলিম হোসেন ও আতিয়ারের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার দুপুরে ভুক্তভোগী সুমন মাঠের কাজ শেষে বাড়ি ফিরে দেখেন প্রতিপক্ষরা তাদের বাড়িতে আগুন দিতে চেষ্টা করছে। এসময় বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত হন সুমন অন্তত আটজন। এসময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত ৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারিতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
পাইকগাছায় জোর করে জমি দখল করে বাঁধ দেয়ার অভিযোগ: থানায় অভিযোগ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে জোর করে জমিতে বাঁধ দেয়ার অভিযোগ প্রতিপক্ষদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাঁধ দেওয়ার কাজ বন্ধ করে দিয়েছে।
অভিযোগে জানাগেছে, জায়গা জমি নিয়ে উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামের উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর পরিবার ও একই এলাকার সুধাংশু সাধুর স্ত্রী চায়না সাধুর পরিবারের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সমীরণ সাধুর হিতামপুর মৌজায় বোয়ালিয়া কপোতাক্ষ নদের ধারে একটি ইটভাটা রয়েছে। ভাটার মধ্যে চায়না সাধুর ৩০ শতক জমি রয়েছে। সমীরণ সাধু ওই জমির হারি দিয়ে ইটভাটা পরিচালনা করে আসছিল। বিগত ৩ বছর ইটভাটার কার্যক্রম বন্ধ রয়েছে। অপরদিকে চায়না সাধুর মৎস্য ঘেরের মধ্যে সমীরণ সাধু গং এবং মন্দিরের ১২ শতক জমি রয়েছে। চায়না সাধু নালিশী এ জমির হারি ও দেয়না দখল ও বুঝে দেয়না। এনিয়ে দুপক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে থানায় একাধিক শালিসি বৈঠক করা হয়। কয়েক দফা শালিসির পর ২৭ ফেব্রয়ারী থানায় উভয় পক্ষের উপস্থিতিতে একটি আপোষ মিমাংসা করা হয়। আপোষ নামায় উল্লেখ করা হয় উভয় পক্ষ তার নিজ জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করবে। এতে কেউ কাউকে বাঁধা দিবে না। এদিকে আপোষ মিমাংসা উপেক্ষা করে চায়না সাধু শনিবার সকালে তার লোকজন নিয়ে সমীরণ সাধুর ভাটার মধ্যকার জমিতে ভেকু দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করে বলে জানান সমীরণ সাধুর ভাই বিষ্ণু সাধু। তিনি বলেন চায়না সাধুর ঘেরের মধ্যে আমাদের জমির দখল বুঝে না দিয়ে ইটভাটার মধ্যকার জমিতে ভেকু দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করে।বিষ্ণু সাধু আরো বলেন চায়না সাধু আগের দিন থানায় অভিযোগ করলে আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ওসি মহোদয়ক অবহিত করি। এর পরের দিন নিজেই অভিযোগ দিয়ে নিজেই আইন অমান্য করে চায়না সাধু। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঁধ দেওয়ার কাজ বন্ধ করে দেন। এ প্রসঙ্গে আমি আমার নিজের জমিতে বাঁধ দিচ্ছিলাম বলে চায়না সাধু জানান। থানার এএস আই গৌতম বলেন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে বাঁধের কাজ বন্ধ করে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে থানায় আসার কথা বলেছি একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাগেরহাটে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভায় টেকসই পরিকল্পনার আহ্বান
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি শনিবার জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।
অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শাহিদা আক্তার । সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সৈয়দ শওকত হোসেন, নার্গিস আক্তার ইভা, ইসরাত জাহান, এম এ সালাম শেখ, এস কে হাছিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে বাগেরহাট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ব্যাপক ঝুঁকিতে রয়েছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন ও কৃষিজমির উৎপাদনশীলতা হ্রাসের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় নানা প্রতিকূলতা দেখা দিয়েছে। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা গ্রহণের বিকল্প নেই।
দামুড়হুদা সীমান্তে ২৪ কেজি ৯শ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবি সীমান্ত এলাকায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়নের পরিচালক নাজমুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানায়,
সকাল ৯ টায় গোপন তথ্যের ভিত্তিতে তিনি জানতে পারে উপজেলার ঠাকুরপুর বিওপির এলাকা দিয়ে ভারত থেকে রুপার একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ৬বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একটি টহল দল পীরপুরকুল্লা সীমান্তের মেইন পিলার ৯২ থেকে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পীরপুরকুল্লা গ্রামে অবস্থান নেয়। এসময় একজন চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ভুট্টা ক্ষেতে ফেলে দৌড়ে ভারতীয় ভূখণ্ডে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই বস্তা জব্দ করে বস্তা থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট বড় ৩০টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত প্যাকেট থেকে ১৪ কেজি ৯০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার দানাদার রুপা প্রায় ৩৪ লাখ টাকার রুপা জব্দ করা হয়।দুপুরে জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
অসুস্থ বিএনপি নেতার শয্যা পাশে নেতাকর্মী
রূপসা (খুলনা) প্রতিনিধি
রূপসার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এ মালেক অসুস্থ হয়ে রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বিএনপির প্রিয় নেতার অসুস্থতার কথা শুনে হাসপাতালে তার পাশে ছুটে আসেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, নৈহাটি ইউনিয়ন বিএনপি সদস্য সচীব দিদারুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচীব রুবেল মীর, উপজেলা বিএনপির সদস্য খন্দকার শরিফুল ইসলাম, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: জাহিদুর রহমান মিন্টু, ইউনিয়ন কৃষকদলের হাফিজুর রহমান, যুবদল নেতা মামুন হাওলাদার, মাসুদ হাওলাদার, মারুপ শেখ, রেজওয়ান শেখ, নাজিম শেখ প্রমুখ।
বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় কবিতা পরিষদ, খুলনার আয়োজনে বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা ও কবিতানুষ্ঠান গতকাল বিকাল ৫ টায় ৫৫, লোয়ার যশোর রোডস্থ, নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি কবি শেখ অলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আসরের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় অর্জনে জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তান শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনায় অংশ গ্রহণ করেন কবি বিমল কৃষ্ণ রায়, এম এম তৈয়াবুর রহমান, কাজী হুমায়ুন কবীর, এল কে টফি, রেবেকা সুলতানা ও নাসিমা খান।
বক্তারা বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার মানসে বাঙালি জাতি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যেভাবে মানচিত্র ছিনিয়ে এনেছিল সেই যুদ্ধ জয়ের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি সেবীদের একযোগে এগিয়ে এসে কাজ করার আহবান জানান
পরে বিজয়ের প্রেক্ষিত ও বর্তমান বাংলাদেশ শীর্ষক কবিতা পাঠে অংশ গ্রহণ করেন কবি বিমল কৃষ্ণ রায়, মোঃ ইমদাদ আলী, ডি. কে. পাল, এল কে টফি, কাজী হুমায়ূন কবীর, , নাসিমা খান হোসেন মাহমুদ বাচ্চু, নাসিমা খান, মারিয়াম তাসনিম, প্রমুখ।
শার্শায় কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই, আহত ব্যক্তির মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শায় প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত আব্দুর রশিদ রোকন(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রোকনের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দুই দিন চিকিৎসধীন ছিলো। হঠ্যাৎ গতকাল (শুক্রবার) সন্ধ্যার সময় তার শারীরিক অস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১২ টার পর তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছিনতাইকারীদের কোপের আঘাতে আহত রোকনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেল যোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে আক্রমণ চালিয়ে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকে আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়।
ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে ২টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২টি ঘর। অগ্নিকাান্ডে চার পরিবারের প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামে রহিম ও রিপন মাতুব্বরের যৌথ ঘরে বৈদ্যুতিক শক সার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের আসাদুল মোল্লার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই দুটি ঘরই সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। এ সময় পাশের জাকির ও ফখরুল মোল্লার ঘরেও আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে।
ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শরীফ নুরুজ্জামান জানান, “ চন্ডিপুর ইউনিয়নের কলারণ গ্রামে বসতঘরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছার আগেই রহিম মাতুব্বর ও আসাদুল মোল্লার দুটি ঘরই সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। পাশের আরো ২টি ঘরে আগুন ছড়িয়ে পড়লেও আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শক সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে।”
শার্শায় এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ, আটক ২
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার নাভারণে অভিযান চালিয়ে এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলদেশ) বিজিবি। এসময় দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে এসব রুপার অলংকারসহ তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) একই গ্রামের জাহাঙ্গীর কবির লিটনের ছেলে মেহেদী হাসান (২৫)।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ভারত থেকে পাচার করে নিয়ে আসা রুপার বড় একটি চালান নিয়ে দুই চোরাকারবারী সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে হামদাদ পরিবহণের একটি বাসে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। এসময় ওই বাসটি নাভারণ সাতক্ষীরা মোড়ে আসলে তল্লাশী করে ছোট বড় ৭১ টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার ভারতীয় রুপার অলংকার জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসান নামের দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।
জব্দকৃত রুপার অলংকারের ওজন ৭০ কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুইজন চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে এবং জব্দকৃত রুপার অলংকারগুলো যশোর ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার দিনভর এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল পদ্মশাখরা মাঠ ও দাসপাড়া নামক স্থান হতে ১ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করা হয়।
বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুনপাড়া নামক স্থান হতে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশান ঘাট নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করেন।
এছাড়া কলারোয়ার উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি, ছবেদার মোড় ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৩ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ এবং চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৭ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকা। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। তিনি আরো জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বারইখালীতে গৃহবধূর আত্মহত্যা: স্বামীর দ্বিতীয় বিয়ে ও মানসিক অবসাদ
মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বারইখালী ক্যাপ্টেন বাড়িতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টায় নিজ ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৪৮ বছর বয়সী গৃহবধূ কারিমা আক্তার।
পরিবারের সদস্যরা জানান, কারিমার স্বামী শামীম খান দ্বিতীয় বিয়ে করে খুলনায় বসবাস করছিলেন। স্বামীর পরিত্যক্ত জীবন কাটাতে গিয়ে কারিমা দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি একসময় স্থানীয় শিশুদের প্রাইভেট পড়িয়ে সামান্য আয়ের ব্যবস্থা করতেন, কিন্তু স্বামীর অবহেলা, একাকীত্ব ও সামাজিক চাপে দিন দিন আরও ভেঙে পড়ছিলেন।
মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের এসআই এস এম তরিকুল ইসলাম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আমরা তার ঘর থেকে কিছু মেডিকেল সার্টিফিকেট উদ্ধার করেছি, যা প্রমাণ করে তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।”
তবে, পুলিশ আরও একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে— কারিমা মৃত্যুর আগে একটি চিঠি লিখে গেছেন। কিন্তু এখনো সেই চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। এতে কী লেখা আছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
কারিমা দুই কন্যাসন্তানের মা— দীনা ও মুনা। মায়ের মৃত্যুতে তারা অসহায় হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, স্বামীর দ্বিতীয় বিয়ের পর থেকেই কারিমা হতাশায় ভুগছিলেন। পারিবারিক অশান্তিই হয়তো তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
স্থানীয়রা বলছেন, এটি নিছক একটি আত্মহত্যার ঘটনা নয়, বরং একজন পরিত্যক্ত নারীর নীরব আর্তনাদ। দাম্পত্য কলহ, সামাজিক চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক অবসাদ— সবকিছু মিলিয়েই হয়তো তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে, পুলিশ চিঠির বিস্তারিত প্রকাশ করলে হয়তো আরও নতুন তথ্য উঠে আসতে পারে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি। নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
যশোর বিএনপির সম্মেলন
অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে মানুষ দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন
শহিদুল ইসলাম দইচ, যশোর
অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আমাদেরও প্রত্যাশা এই কাজটি যতো দ্রুত সম্ভব সেটি করুন। আর সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদি দল দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সমর্থ্য হলে আমাদের প্রধান ও জরুরি কাজ হবে- দেশ পুনর্গঠন করা।
তারেক রহমান শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধানঅতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপির সম্মেলনের প্রকাশ্য অধিবেশনে বক্তৃতাকালে তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা যেমন দলকে পুনর্গঠন করবো, আসুন শপথ নিই, প্রতিজ্ঞাবদ্ধ হই- আগামীদিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হবে প্রিয় মাতৃভূমিকে পুনর্গঠন করা। দেশের সকল কাঠামোকে আমাদের মেরামত করতে হবে-এটিই আমাদের প্রত্যাশা।
তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৬ বছরের সফল আন্দোলন সংগ্রামের ফসল জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে খুনি-লুটেরা স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ওই সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় থেকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা তার সম্পদ লুটতরাজের বিরুদ্ধে কথা বলেছিল, দেশের মানুষের অধিকারের কথা বলেছিল, গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল, কথা বলার অধিকারের কথা বলেছিল- তাদের অনেক ভয়াবহ নির্যাতনের শিকার হতে হয়েছে, অত্যাচারের শিকার হতে হয়েছে।
সংস্কারের বিয়ে উত্থাপন করে তারেক রহমান বলেন, আজ অনেকেই সংস্কারের ভালো ভালো কথা বলছেন, বলতেই পারেন। কেননা আপনারা দেশ নিয়ে ভাবেন, দেশের কল্যাণ নিয়ে ভাবছেন। কিন্তু বিএনপির সাথে তাদের পার্থক্য হচ্ছে- অন্যরা আজ যে সংস্কারের কথা বলছেন, বিএনপি সেই সংস্কারের কথা আজ থেকে আড়াই বছর আগে ৩১ দফার মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থাপন করেছে। স্বৈরাচার যখন বিএনপিসহ বিভিন্নরাজনৈতিক দলের শত শত নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গুম-খুনের মাধ্যমে অস্ত্রের জোরে ক্ষমতায় আকড়ে ধরে রেখেছিল, সেই সময় তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছো, আমরা দেশকে পুনর্গঠন করবো। আজ অনেক ব্যক্তির কাছ থেকে সংস্কারের সুন্দর সুন্দর কথা শোনা গেলেও সেদিন তাদের কাছ থেকে সংস্কারের কোনও কথা শুনতে পাইনি।
রাষ্ট্র পুনর্গঠনের বিষয়ে প্রধানঅতিথি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। কোটির কাছাকাছি বেকারদের কর্মসংস্থান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি আবার চালু করা। এর মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা। শুকিয়ে যাওয়া খাল-বিলে যাতে আবারও পানিপ্রবাহ শুরু হয়। আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি দৃঢ় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যাতে শিক্ষার সুযোগ তাদের কাছে পৌঁছে যায়। নারীর কর্মসংস্থানের সৃষ্টি, যাতে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পায়। এদেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন, যাতে চিকিৎসাসেবা নিতে আর কাউকে বিদেশে যেতে না হয়। দেশে থেকেই যেন তারা স্বাস্থ্যসেবা পেতে পারে।
অনেকেই বলছেন ক্ষমতার ভারসাম্য ও রাজনীতির গুণগতমান প্রতিষ্ঠা করার কথা- উল্লেখ করে তিনি বলেন, এগুলো অবশ্যই প্রয়োজন আছে। আপনাদের বলি- আজ যশোর বিএনপির সম্মেলন হচ্ছে। শুধু যশোর নয়, রাজনীতির গুণগতমান পরিবর্তনে বিএনপি গোটা দেশে সেই পরিবর্তন আনার জন্যে নানা উদ্যোগ নিয়েছে।
বিএনপি একটি বিশাল দল উল্লেখ করে তিনি বলেন, এই সম্মেলনে ১৬১৬ জন কাউন্সিলর, এদের মধ্যে এমন কাউকে পাওয়া যাবে না যাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকার মিথা ও গায়েবি মামলা দেয়নি। দলের ৬০ লাখ নেতাকর্মীর নামে ওইরকম মিথ্যা ও গায়েবি মামলা রয়েছে। লাখ লাখ নেতাকর্মীর মধ্যে সবাই সমান না উল্লেখ করে তিনি বলেন, হয়তো কেউ কেউ বিভ্রান্ত হয়ে এমন কাজ করেছেন, যার নৈতিক কোনও ভিত্তি নেই। দল হিসেবে বিএনপির সেইসব নেতাকর্মীর বিকরুদ্ধে সাংগঠনিক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিয়েছে। আর এটি কেবল বিএনপির দ্বারাই সম্ভব।
এই নিয়ে কেউ কেউ দলের দুর্বলতা হিসেবে চিহ্নিত করে অন্যকিছু হাসিল করতে চাইছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি তার অবস্থান পরিস্কার করেছে। কেননা জনগণের দল বিএনপি মনে করে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা। অর্থাৎ, জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান সম্মেলনের উদ্বোধন গোষণা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় সদস্য ইঞ্চিনিয়ার টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নিসহ দলের বিভিন্ন উপজেলা কমিটির নেতা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পক্ষ থেকে বিগত সময়কালে দলের নিহত শতাধিক নেতাকর্মীর পরিবারের কাছে উপহার তুলে দেয়া হয়। এছাড়া সম্মেলন উপলক্ষ্যে তৈরি একটি স্যুভেনিরের মোড়কও উন্মোচন করেন উদ্বোধক আমানউল্লাহ আমান। উদ্বোধনী অনুষ্ঠানশেষে নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোটের ব্যববস্থা করা হয়।
‘সুন্দর বাংলা হাতের লেখা’ প্রতিযোগিতা, কেএমপিতে শিশু-কিশোরদের মিলনমেলা
খবর বিজ্ঞপ্তি
আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ৯:৩০ ঘটিকায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে ‘সুন্দর বাংলা হাতের লেখা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশু এবং তাদের অভিভাবকদের কলরহে পুলিশ লাইন্স যেন অভূতপূর্ব আবহে মুখরিত হয়। ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত পৃথক পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে খুলনা মহানগরীর ২৬ টি স্কুলের ১২০ জন প্রতিযোগী ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
কোমলমতি শিশু প্রতিযোগীদের নরম হাতের ছোঁয়ায় লিখিত চমৎকার হাতের লেখা উপস্থিত সকলকে মুগ্ধ ও অভিভূত করে। প্রতিযোগিতা অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকে অভিনন্দন জানান এবং উৎসাহ প্রদান করেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের অভিমত জানতে চাইলে কোমলমতি প্রতিযোগীরা অত্যন্ত আনন্দের সাথে তাদের অভিব্যক্তি প্রকাশ করে। এ ধরনের আয়োজনের জন্য শিশুদের অভিভাবকরাও উৎফুল্ল এবং দারুণভাবে অনুপ্রাণিত। অভিভাবকদের অনেকেই জানান যে, এই প্রথম কেএমপি পুলিশ লাইন্সে এধরনের একটি চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের সন্তানদের জীবনে চমৎকার স্মৃতি হয়ে থাকবে। এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য তারা খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। একইসাথে এধরনের আরো প্রতিযোগিতা অনুষ্ঠান করার জন্য আহ্বান জানান। পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডের রায়ে প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণিতে জেনিথ তাহসীন ১ম, রাইয়ান মাহমুদ ২য়, রিফাহ তাসনিয়া মিঠি ৩য়, মাহসিনা আক্তার ফারিহা ৪র্থ এবং মাইশা ইবনাত সোহা ৫ম স্থান অধিকার করে। সপ্তম শ্রেণিতে নিশাত তাসনিম সামিয়া ১ম, মাহজাবিন সেওতি ২য়, সামিহা হোসেন ৩য়, নুসরাত জাহান মিম ৪র্থ এবং ফাইরুজ জাবিন ফাইজা ৫ম স্থান অধিকার করে। অষ্টম শ্রেণিতে মোঃ তাওসীর হোসেন ১ম, হুমায়রা ইসলাম স্নেহা ২য়, সামিয়া আক্তার ৩য়, খাদিজা খাতুন ৪র্থ, তায়েরা তাবাসসুম (আফরিন) ৫ম স্থান অধিকার করে। নবম শ্রেণিতে মারজানা আক্তার জ্যোতি ১ম, জান্নাত আরা মীম ২য়, তাহসিন আহমেদ ৩য়, সুরাইয়া জান্নাত রুনা ৪র্থ, রাবেয়া বশির ৫ম স্থান অধিকার করে। দশম শ্রেণিতে সাকিনা বাতুল ১ম, মেহেজাবিন আলম মিথিলা ২য়, তাহমিদ জাহিন মাহি ৩য়, ইপসিতা নাহিদ নিঝুম ৪র্থ এবং লামিয়া সুলতানা ৫ম স্থান অধিকার করে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেন। তিনি বলেন কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশ এবং পুলিশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। একটি সুস্থ জাতি গঠনে জ্ঞানভিত্তিক শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সন্তানরা যেন সৃজনশীল মানসিকতা নিয়ে বড় হতে পারে তার জন্য আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। আমাদের সন্তানরা যেন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, এজন্য তাদেরকে তৈরি করতে হবে। তাদের জন্য মেধাবৃত্তিক আরো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিতে আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিশুদের পাশাপাশি অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় খুলনা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
হান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে কেসিসি আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে
খবর বিজ্ঞপ্তি
দিবসটি পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার-এর নেতৃত্বে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি শহিদ হাদিস পার্কসহ সড়কসমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।
সকালে নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় লস্কার তাজুল ইসলাম বলেন, রক্ত দিয়ে আমরা ভাষার অধিকার এবং স্বাধীনতা অর্জন করেছি। পৃথিবীর অন্য কোন জাতি ভাষার জন্য রক্ত দেয়নি উল্লেখ করে তিনি বলেন, ভাষার জন্য সেই সংগ্রামই বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি এনে দিয়েছে। ভাষা আন্দোলনের বীরত্বগাঁথা সেই ইতিহাস নতুন প্রজন্মকে যুগে যুগে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান প্রকৌশলী মশিউজ্জাশান খান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল মাজেদ মোল্যা, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা, সাইলেন্স অফিসার (বাণিজ্য) খান হাবিবুর রহমান সহ কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।
বেনাপোল নো-ম্যান্সল্যান্ডে এবার হয়নি দুই বাংলার মিলনমেলা
বেনাপোল প্রতিনিধি
মাতৃভাষা দিবসে এবার হয়নি দুই বাংলার ভাষা প্রেমী মানুষের মিলনমেলা। একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিবারই দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে বসতো দু-বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা।
ভৌগোলিক সীমারেখা ভুলে কেবল মাত্র ভাষার টানে সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে দলে দলে যোগ দিতেন একুশের মিলন মেলায়। ভারত-বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিতো এ অনুষ্ঠানে। এ সময় পেট্রাপোল ও বেনাপোল চেকপোস্টে ঢল নামতো হাজার হাজার মানুষের। ক্ষণিকের জন্য হলেও আন্তর্জাতিক সীমান্ত রেখায় ছেদ পড়তো ।
২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেনাপোল নো-মান্সল্যান্ড এলাকা সাজতো নানা রংয়ের বর্ণিল সাজে। নো-ম্যান্সল্যান্ড এলাকায় নির্মাণ করা হতো অস্থায়ী শহীদ মিনার। সকাল থেকে দুই দেশের হাজার হাজার মানুষ পুস্পার্ঘ্য অর্পণ করতেন শহীদ বেদীতে। আবেগ আর ভালোবাসায় ভাষা প্রেমীরা ভূলে যেত তাদের সীমান্ত রেখা।
কিন্তু এবারের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে এই দৃশ্য আর দেখা যায়নি। এতোদিন দুই দেশের সরকারি প্রতিনিধি ও মন্ত্রীরা প্রতিবেশী দেশে গিয়ে শহীদবেদিতে পুস্পস্তবক দিতেন। কিন্তু দুই দেশের রাজনৈতিক টানাপোপড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার যৌথ ভাবে একুশের কোন অনুষ্ঠান পালিত হযনি নো-ম্যান্সল্যান্ডে।
এ ব্যাপারে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, দেশে জালেম সরকারের পতনের পরে দুই দেশের রাজনৈতিক টানাপোপড়েন এবং আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলন মেলা অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে পুনরায় অনুষ্ঠান করা হবে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রতিবছরই একুশে ফেব্রুয়ারি বেনাপোল স্থানীয় প্রশাসন আয়োজন করে থাকে। এবছর দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠানটি হয়নি।
কয়রায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগনেতা গ্রেপ্তার
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ডেভিল হান্টের অভিযানে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম হারুর অর রশিদকে গ্রেপ্তর করেছে পুলিশ। তিনি মদিনাবাদ গ্রামের মৃত ইন্তাজ আলী সরদারের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ রাজেত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত সাড়ে নয় টার দিকে মদিনাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
সভায় বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জন্য বিশেষ করে গণিত, বিজ্ঞান ও মেডিকেল বিষয়ক বইপত্রসহ আদালতের রায়ের ব্যপারেও বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এইচ এম আলউদ্দিন, মো. রাশিদুল ইসলাম, শেখ কামরুল আহসান, ওয়াহেদ-উজ-জামান বুলু, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, মো. এরশাদ আলী, দেবব্রত রায়, বাপ্পী খান, এস এম নূর হাসান জনি, রিংটন মন্ডল, আল মাহমুদ প্রিন্স, কে এম জিয়াউস সাদাত, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মহেন্দ্রনাথ সেন, মিলন হোসেন, তুফান গাইন, মো. সোহেল রানা, ইমাম হোসেন সুমনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য এম এ হাসান, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ শামসুদ্দীন দোহা, রকিবুল ইসলাম মতি, মাহফুজ আলম সুমন, মো. মেহেদী হাচান প্রমুখ।
রূপসায় প্রতিপক্ষকে হয়রানি করতে খড় পাতায় আগুন
স্টাফ রিপোর্টার
রূপসায় প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে নিজ বাড়ির উঠানে বস্তায় রাখা খড় পাতায় আগুন দিয়ে মামলা করার পাঁয়তারা করেছে একাধিক মামলায় অভিযুক্ত আসামিরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে তিনটায় রূপসা থানাধীন রামনগর গ্রামে। তবে এ ঘটনায় কিসমত খুলনা পুলিশ ফাড়ী ইনচার্জ জানান, এটা প্রতিপক্ষকে ফাঁসানোর একটি ষড়যন্ত্র মাত্র। যার কোন সত্যতা নেই।
জানা গেছে, রূপসা থানাধীন রামনগর গ্রামের নুর ইসলাম গং এর সাথে প্রতিবেশী আলামিন খাঁ গং এর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা চলে আসছে। নুর ইসলাম গং ইতিমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত খ অঞ্চলে আলামিন খাঁ সহ আটজনের নামে এমপি- ১০৭ /১১৭ ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর নুর ইসলাম শেখ ভাঙচুর ও লুটপাট এর এনে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ আদালতে সিআর ৩৩৮/২৪ নং মামলা দায়ের করেন। যে মামলায় আলামিন খাঁ সহ ৫ জন বর্তমানে জেল হাজতে রয়েছে। একই ঘটনায় নুর ইসলাম গং ভুমি প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ আরো একটি মামলা দায়ের করেন যার নং সি আর – ৩৭২/২৪। যে মামলা তিনটি এখন বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
নুর ইসলাম গং এর দায়েরকৃত প্রত্যেকটি মামলার আসামির সংখ্যা ৮ জন। এর মধ্যে আলামিন খাঁ সহ ৫ জন জেল হাজতে এবং তার তিন বোনকে বিজ্ঞ আদালত মানবিক কারণে জামিন দিয়েছেন। জামিন প্রাপ্ত তিন বোন প্রতিপক্ষ নুর ইসলাম গং দের ফাঁসানোর উদ্দেশ্যে এই পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় একাধিক সুত্র দাবি করেছে।
অপরদিকে কিসমত খুলনা পুলিশ ফাড়ী ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এটা কোন অগ্নিকাণ্ডের ঘটনা নয়। প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে কে বা কারা রাতের ওই সময় এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে জানতে পেরেছি। যার কোন সত্যতা পাওয়া যায়নি।
রূপসায় পান বরজে আগুন, ৩ লাখ টাকার ক্ষতি
রূপসা প্রতিনিধি
রূপসায় মধু কাটতে গিয়ে পান বরাজে আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বলটি গ্রামে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বলটি গ্রামের স্কুল শিক্ষক সত্য বসুর নিজস্ব জমির উপর পান বরাজের পাশে খেজুর গাছে ভিমরুলের মধু কাটতে যায় একই এলাকার সুজিত মল্লিকের ছেলে সুজয় মল্লিকসহ আরো কয়েকজন। এর আগেও তিনবার সুজয় বিভিন্ন লোক নিয়ে একই জায়গায় মধু কাটতে গেলে বরজের কাজ করা শ্রমিকরা বলে বরজের পাশে গাছে আগুন দিলে যেকোনো সময় বড় ধরণের ক্ষতি হতে পারে তাই তোমরা এখান থেকে চলে যাও।
সেই ক্ষোভ পোষে রেখে পান বরাজের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে সুজয়। ঘটনার দিন আবারো যায় মধু কাটতে। বরাজে কেউ না থাকার সুবাদে পান বরাজের আগুন ধরিয়ে দেয় সুজয় ও তার সাথে লোকজন যা ভুক্তভোগী জানায়। পরবর্তীতে আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তত সময় ৫ পোন বরজের পানসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া স্থানীয়রা জানায়, সুজয় কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। সে মাদক দ্রব্য সেবন করে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে স্থানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম(৩৮) মোটরসাইকেল যোগে খাদিমপুরে গ্রামের মোড়ে পৌছালে বৃষ্টিতে রাস্তায় কাদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় অন্য একটি মটরসাইকেল তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগার আলী বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
খুলনা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল
একুশের চেতনা জনগণের মৌলিক অধিকার হরণকারী
নিষ্ঠুর স্বৈরাচারী শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করে
স্টাফ রিপোর্টার
খুলনা বিএনপি নেতারা বলেছেন, একুশের মর্মবাণী হচ্ছে মাথা নত না করা। অধিকার ও দেশের মালিকানা নিজেদের রাখা। বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার হরণসহ দেশের মানুষকে নানাভাবে অধিকারহীন করে গত ১৭ বছর একুশের চেতনাকে ভুলুন্ঠিত করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দরকার জনগণকে দেশের মালিকানা ফেরত দেওয়া। এজন্য সবার আগে জনগনকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সংস্কারের বৈধ অধিক রাখেন। জনগণের ভোটাধিকার হরণের অর্থ হলো ফ্যাসিজম কায়েম করা। আর এটি হবে শত শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল পুর্ব আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, একুশের চেতনা যুগে যুগে জনগণের মৌলিক অধিকার হরণকারী নিষ্ঠুর স্বৈরাচারী শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করে। যা চব্বিশেও করেছে। অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষা শহিদরা আমাদের প্রেরণার উৎস। প্রকৃতপক্ষে এই মহান ২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার বিকাশে এবং একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠার প্রথম সোপান হিসেবে কাজ করেছে। ২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা প্রতিষ্ঠার দিনই নয়, আমাদের স্বাধিকার, স্বাধীনতা ও মুক্তির প্রথম সংগ্রামের দিন। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে ভাষা শহীদরা আত্মত্যাগের যে গৌরবদীপ্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোটনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, এ্যাড. মোমরেজুল ইসলাম, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, এড. শেখ মোহাম্মাাদ আলী বাবু, মোল্লা ফরিদ আহম্মেদ, হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, আফসার উদ্দিন, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পী, নাসির উদ্দিন, যুবদলের আব্দুল আজিজ সুমন প্রমূখ। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কেও শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দ।
যশোরে জেলা বিএনপির নতুন সভাপতি সাবু, সম্পাদক খোকন
যশোর প্রতিনিধি
উৎসব মুখর পরিবেশে যশোর জেলা বিএনপির নেতা নির্বাচনী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড, সৈয়দ সাবেরুল হক সাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মিজানুর রহমান খান। সভাপতি পদে ১৮টি ব্যালট বাতিল হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত আলমগীর সিদ্দিকী মিলনায়তনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ শ’ ১৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এর মাধ্যমে যশোর জেলা বিএনপির নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম। তার নিকটতম ছিলেন মুনির আহম্মদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু ও কাজী আজম। সাংগঠনিক সম্পাদক পদে ৫টি ব্যালট বাতিল হয়েছে। এছাড়া, সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
রূপসা নদীতে বোট ডুবি, ১৩ জন যাত্রীকে উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনার রূপসা নদীতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জনসহ যাত্রীবাহী একটি বোট ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে রূপসা ঘাটে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোস্ট কার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম আরম্ভ করে। উদ্ধারকারী দল দ্রুততার সাথে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রূপসায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত যাত্রীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।
উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১৫
খুলনাঞ্চল রিপোর্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহন নামক একটি যাত্রীবাহী চলন্ত বাসের পেছনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামক আরেক বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাহাদাত হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কুয়েটের ঘটনায় গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আব্দুল করিম মোল্লা, আনোয়ার হোসেন, ইব্রাহিম হাওলাদার ও শফিকুল।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রিকাবুল ইসলাম।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।
কুয়েট প্রশাসনের পক্ষে নিরাপত্তা পরিদর্শক মো. মনিরুজ্জামান লিটন বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ধারী ৪০০/৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর-১৭। মামলার পরদিনই শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।











































