Home বিনোদন বিএফডিসির এমডির নিয়োগ বাতিলের দাবি উজ্জ্বলের

বিএফডিসির এমডির নিয়োগ বাতিলের দাবি উজ্জ্বলের

35

বিনোদন ডেস্ক।।



বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুমা রহমান তানি। তিনি সাবেক এমডি ফারাহ শাম্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর পরই এ নিয়োগ নিয়ে শুরু হয় বিতর্ক। যুবলীগের অর্থায়নে শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমার পরিচালক মাসুমা রহমান তানিকে বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য নায়ক, পরিচালক, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গত ১৯শে ফেব্রুয়ারি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুমা রহমান তানিকে বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। তানি আওয়ামী লীগের দোসর হিসেবে ২০১৪ সালে শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘চল যাই’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ শুরু করে। এর মধ্যদিয়ে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা পড়ে। আওয়ামী সাংস্কৃতিক বন্দনা শুরু হয়। আওয়ামী কালচারাল হেজিমনি প্রভাব বিস্তার করে। যার প্রেক্ষিতে ২০১৪ সালে বিনা ভোটের আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদ কায়েম করে। তিনি বলেন, ২০১৬ সালে যখন বিএনপি চেয়ারপারসন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলেন, তখন এই মাসুমা রহমান তানি এবং তার যুবলীগের টিম জাতিকে সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে ২০১৮ এর রাতের অন্ধকারে ভোটের আয়োজন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে সহযোগিতা করতে ‘চল যাই’ সিনেমার শুটিংয়ের সংবাদ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করে। ২০২০ সালে শেখ মুজিবের নামে বছরব্যাপী যে আওয়ামী সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, তারই অংশ হিসেবে মাসুমা রহমান তানির সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমার মাধ্যমে আওয়ামী লীগের অর্থ ও সুবিধা নিয়েছে তারা। যুবলীগের খালেদ মাহমুদ তুর্য্য ও মাসুমা রহমান তানি যুগল গত জুলাই বিপ্লবের সরাসরি বিরোধিতা করে একাধিক ফেসবুক পোস্ট দিয়েছে বলে অভিযোগ আছে। ৫ই আগস্ট সেসব পোস্ট ডিলিট করলেও ১৭ই জুলাইয়ের একটি পোস্ট (৫ই আগস্ট এডিট করা) সম্প্রতি ভাইরাল হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের এই সাংস্কৃতিক দোসরকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়ায় সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে চলচ্চিত্র শিল্প বাধাগ্রস্ত হবে। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আবার মাথাচাড়া দেবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অধিকতর যোগ্যতা সম্পন্ন, বিতর্কমুক্ত, যোগ্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার ব্যবস্থা করবেন। মাসুমা রহমান তানির এই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল না করা হলে জাতীয়তাবাদের আদর্শের চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মীরা দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিএফডিসি ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে। আর এর সকল দায়-দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে বহন করতে হবে।