Home খেলাধুলা মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন-বাদল-মানিকসহ সবাই

মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন-বাদল-মানিকসহ সবাই

8

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে যে ৪৯জন মনোয়নপত্র উত্তোলন করেছিলেন তারা সবাই তা জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমার দিন। প্রথমেই মনোয়নপত্র জমা দেন এককভাবে সহ-সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দেয়া তাবিথ আউয়াল। এরপর বিকেল ৫টা পর্যন্ত সবাই তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। কেউ নিজে এসে কেউ আবার প্রতিনিধির মাধ্যমে।
বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদের ২১ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই প্যানেলের প্রধান সমন্বয়কারী জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। সফিকুল ইসলাম মানিক নিজেই সভাপতি পদে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরেক সভাপতি প্রার্থী বাদল রায়ের মনোনয়নপত্র জমা দিয়েছেন শরীয়তপুরের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই শুরু হবে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে। বুধবার থেকে মনোনয়নপত্র প্রত্যাহার শুরু হবে। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর। ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে হোটেল সোনারগাঁওয়ে।
যারা মনোনয়নপত্র জমা দিলেন তারা হলেন সভাপতি : কাজী মো. সালাউদ্দিন, বাদল রায় ও সফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহ-সভাপতি : আবদুস সালাম মুর্শেদী ও শেখ মোহাম্মদ আসলাম। সহ-সভাপতি : কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, ইমরুল হাসান, আতাউর রহমান মানিক, তাবিথ আউয়াল, মহিউদ্দিন আহমেদ মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ। সদস্য : হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ, নুরুল ইসলাম নুরু, আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, হাজী মো. রফিক, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সৈয়দ মোস্তাক আলী মুকুল, আমের খান, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, জাকির হোসেন বাবুল, মো. রায়হান কবীর, সাইফুর রহমান মনি ও শাকিল মাহমুদ চৌধুরী।

নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে ইতালি

ক্রীড়া প্রতিবেদক

আগের ম্যাচে পয়েন্ট হারানো ইতালি ঘুরে দাঁড়াল দ্বিতীয় ম্যাচে। নেদারল্যান্ডসকে তাদের মাঠে হারিয়ে উয়েফা নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয় তুলে নিয়েছে রবের্তো মানচিনির দল।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার প্রতিযোগিতার ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ইতালি। নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করা নেদারল্যান্ডস পেল প্রথম হারের স্বাদ। ইতালির সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও আরও পেছালো ডাচরা। দুই দলের আগের ২১ বারের মুখোমুখি দেখায় ইতালির জয় ৯টি, নেদারল্যান্ডসের ৩টি। বাকি ৯ ম্যাচ হয়েছিল ড্র। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না ইতালি। সেরি আর গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা চিরো ইম্মোবিলের তৃতীয় মিনিটের প্রচেষ্টা খুঁজে পায়নি জাল। সপ্তদশ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিলেন ইম্মোবিলে। কিন্তু লাৎসিওর এই ফরোয়ার্ডের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৩২তম মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের শট ডাচদের এনে দিতে পারেনি কাঙিক্ষত গোল। তিন মিনিট পর লিওনার্দো বোনুচ্চির বাড়ানো বলে লরেন্সো ইনসিনিয়ের শটও পারেনি ইতালিকে এগিয়ে নিতে। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পায় ২০০৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ইম্মোবিলের ক্রসে বুলেট গতির হেডে জাল খুঁজে নেন নিকোলো বারেল্লা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ইনসিনিয়ের শট ঝাঁপিয়ে ঠেকান ইয়াসপের সিলেসেন। ৫৫তম মিনিটে ভিনালডামের বাড়ানো বলে ডনি ফন ডি বিকের শট সমতায় ফেরাতে পারেনি নেদারল্যান্ডসকে। শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। মেমফিস ডিপাইয়ের সাইড ভলি হয় লক্ষ্যভ্রষ্ট। উড়িয়ে মেরে হতাশ করেন ইতালির মইজে কেন। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ গোলে হারানো পোল্যান্ড সমান ৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। বসনিয়ার পয়েন্ট ১।

ক্রিকেটার সাইফ করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরও সঙ্গে সঙ্গেই তা গণমাধ্যমকে জানায়নি। অনেকটা সময় পার হলেও আনুষ্ঠানিক বিবৃতি আসছিল না। এর মধ্যে বিকেল নামতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ১৭ ক্রিকেটারের মধ্যে একজন করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। তিনি তরুণ ওপেনার সাইফ হাসান। আরেকজন স্টাফও করোনা পজিটিভ হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম জানা যায়নি।
এবার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত হওয়া গেল, সাইফ হাসান সত্যিই করোনা পজিটিভ। তার সঙ্গে করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন জাতীয় দলের ট্রেনার নিক লি। এর আগে ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্টিং স্টাফের বাসায় গিয়ে গতকাল সোমবার করোনার নমুনা সংগ্রহ করা হয়। বারডেমের বিশেষজ্ঞরা ওই নমুনা সংগ্রহের কাজ করেছেন। ২৪ ঘণ্টা পর সে রিপোর্ট মিলেছে।

ঢাকায় ফিরলেন টাইগারদের বোলিং কোচ গিবসন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশী কোচিং স্টাফদের প্রায় সবাই ঢাকায় ফিরেছেন। সর্বশেষ গতকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন টাইগারদের ক্যারিবীয় বোলিং কোচ ওটিস গিবসন। সকাল ৯টা ৫০মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন কোচরা। এর আগে ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান ও স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় টাইগারদের অনুশীলনে যোগ দেবেন।

ডিফেন্ডার হয়েও গোলের রেকর্ড রামোসের

ক্রীড়া প্রতিবেদক

সার্জিও রামোস, স্পেন ফুটবল দলের বর্তমান অধিনায়ক। খেলেন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। রিয়াল মাদ্রিদেরও অধিনায়ক এবং সেন্ট্রাল ডিফেন্ডার। কিন্তু ডিফেন্ডার হলেও তিনি নিজে প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। যে কোনো সময় আততায়ী হিসেবে হাজির হয়ে যেতে পারেন তিনি, আচমকা জালে জড়িয়ে দিতে পারেন বল।
কিন্তু সার্জিও রামোস একজন ডিফেন্ডার হয়েও রীতিমত গোলের রেকর্ড সৃষ্টি করে ফেলেছেন। তবে তার গোলের রেকর্ডটি ডিফেন্ডারদের মধ্যে। রোববার রাতে ইউক্রেনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রামোস। সেই জোড়া গোল দিয়ে ডিফেন্ডার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন তিনি। প্রথম গোল করে আর্জেন্টিনার বিখ্যাত ডিফেন্ডার ড্যানিয়েল পাসারেলার ২২ গোলের রেকর্ড স্পর্শ করেন রামোস। এরপর ২৯ মিনিটে হেড থেকে গোল করে ছাড়িয়ে যান পাসারেলাকে। ২৩তম গোল করে সৃষ্টি করেন আন্তর্জাতিক ফুটবলে একজন ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোল করার রেকর্ড।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এভারটনে রদ্রিগেজ

ক্রীড়া প্রতিবেদক

কার্লো আনচেলত্তির সঙ্গে হামেস রদ্রিগেজের সম্পর্কটা কতটা গভীর তা টের পাওয়া গেলো আবারও। নিজের কাছে রাখতে শিষ্য হামেস রদ্রিগেজকে এবার রিয়াল মাদ্রিদ থেকে এভারটনে নিয়ে এসেছেন। কলম্বিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার ইংলিশ কাবে যোগ দিয়েছেন দুই বছরের চুক্তিতে।
চুক্তির ফলে ট্রান্সফার ফি হিসেবে ২৫ মিলিয়ন ইউরো পাবে লস ব্লাঙ্কোসরা। চুক্তিটি আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার পরই কলম্বিয়ান তারকাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তখন কোচ আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদেই দারুণ সময় কেটেছে তার। যদিও গুরুর কাব ছেড়ে যাওয়ার পর আর সেভাবে সুযোগ মেলেনি। ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচদের কাছে মিডফিল্ডে জায়গা হারিয়ে ফেলেছিলেন। তবে আনচেলত্তির সঙ্গে সম্পর্কটা এর পরেও অটুট ছিল তার। যখন বায়ার্ন মিউনিখে আনচেলত্তি কোচ ছিলেন, তখন রদ্রিগেজকে সেখানেও ধারে নিয়ে গিয়েছিলেন দুই মৌসুমের জন্য।

এবার করোনা আক্রান্ত এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

নেইমার-আনহেল দি মারিয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে। যার কারণে আজ বুধবার নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে থাকছেন না ফরাসি ফরোয়ার্ড।
২১ বছর বয়সী তারকা করোনা আক্রান্ত হওয়া নিয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচ খেলতে পারবেন না। ৭ সেপ্টেম্বর সকালে তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অনুশীলন শেষে রিপোর্ট পেয়ে তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং সন্ধ্যায় বাড়ি চলে গেছেন। গত সপ্তাহে পিএসজির ৬ তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হন। এবার হলেন এমবাপ্পে। কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমের শুরুর ম্যাচেও তার খেলতে পারা নিয়ে সন্দেহ আছে।

ফ্রেঞ্চ ওপেনে দর্শক প্রবেশের অনুমতি

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্সে সম্প্রতি নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও চলতি মাসে অনুষ্ঠিতব্য ফ্রেঞ্চ ওপেন টেনিসে দর্শকের উপিস্থিতির নিশ্চয়তা দিয়েছে আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে সোমবার কে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামের জন্য স্বাস্থ্যবিধি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিম প্যারিসের রোলা গাঁরোতে এই গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে। গত মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারনে স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। সম্প্রতি ফরাসি সরকারের গাইডলাইন অনুযায়ী প্যারিসের মত শহরগুলোতে এক সাথে ৫ হাজার দর্শকের উপস্থিতির অনুমতি দেয়া হয়েছে। ফেডারেশনের ইচ্ছা ছিল মূল ধারণক্ষমতার ৫০ থেকে ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে। সে অনুযায়ী প্রতিদিন ২০ হাজার সমর্থক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। কিন্তু নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী রোলা গ্যঁরোতে তিনটি মূল কোর্টে প্রতিদিন হাজার পাঁচেক দর্শকের উপস্থিতির অনুমতি মিলবে।

ইউএস ওপেনের শেষ আটে সেরেনা

ক্রীড়া প্রতিবেদক

খুব একটা উচ্ছ্বাসে ভাসতে তাকে দেখা যায় না। কিন্তু সোমবার মারিয়া সাক্কারিকে হারাতেই গর্জন করতে দেখা গেল সেরিনা উইলিয়ামসকে। হবে নাই বা কেন, গত মাসে প্রস্তুতি প্রতিযোগিতায় যে একই প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছিলেন সেরিনা।
তাকেই এ দিন যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে হারাতে তিন সেট লড়াই করতে হল মার্কিন তারকাকে। ফল ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩। প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেট টাইব্রেকারে হারেন সেরিনা। তৃতীয় সেটে এক সময় ০-২ পিছিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে চতুর্থ ও অষ্টম গেমে সাক্কারির সার্ভিস গেম ভেঙে ম্যাচে ফিরে আসেন। এই নিয়ে ৫৩তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল ও আর্থার অ্যাশ স্টেডিয়ামে জয়ের সেঞ্চুরি করার পরে সেরিনা বলেন, ‘আমি রেকর্ড নিয়ে খুব একটা ভাবি না। আজ পরিস্থিতি খুব কঠিন ছিল। আমি শুধু লড়াই করে গিয়েছি। আমার প্রতিপক্ষ খুব আগ্রাসী টেনিস খেলেছে। আমি জানতাম আমায় কী করতে হবে। দর্শকরা থাকলে তাদের হাততালির জন্য একটু সময় পাওয়া যায়। এখন সেটার উপায় নেই। দর্শকদের অভাব অনুভব করছি।’

অভিমান ভুলে মিশন শুরু মেসির

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই সপ্তাহ উৎকণ্ঠায় ছিলেন ভক্তরা। অনেকে তো বার্সেলোনায় লিওনেল মেসির বিদায়ের গল্পটাও লিখে ফেলেছিলেন। খোদ আর্জেন্টাইন এই মহাতারকা যখন ন্যু ক্যাম্প ছাড়তে প্রস্তুত তখন আর কি বাকি থাকে! কিন্তু অনেক নাটক শেষে বার্সাতেই থাকতে হচ্ছে মেসিকে। বাস্তবতাকে মেনে নিয়ে অভিমান ভুলে অনুশীলন শুরু করলেন কাবটির ইতিহাসে সেরা এই তারকা।
ট্রান্সফার নাটকের পর নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে সোমবার প্রথমবারের মতো তাকে দেখা গেল অনুশীলনে। তবে গোটা দলের সঙ্গে নয়, একা অনুশীলনে ব্যস্ত থাকলেন এই প্লেমেকার। তবে সহসাই অন্য সতীর্থদের সঙ্গে অনুশীলনে নাম লেখাবেন মেসি। অথচ এই আসছে মৌসুমে তার খেলারই কথা ছিল না বার্সায়। গত ২৫ আগস্ট বার্সেলোনাকে নু ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে দেন মেসি। বিনা ট্রান্সফার ফিতে দল ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু বার্সেলোনার কর্তারা তার রিলিজ কজ হিসেবে দাবি করে ৭০০ মিলিয়ন ইউরো। এ অবস্থায় বার্সেলোনার লা লিগা মিশন শুরু ২৭ সেপ্টেম্বর। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে শুরু হবে তাদের মিশন।

ফরাসি ওপেনেও নেই বার্টি

ক্রীড়া প্রতিবেদক

কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে ইউএস ওপেনের পর ফরাসি ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিলেন গত আসরের চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানান ২৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
প্যারিসের রোঁলা গারোঁয় এবারের আসর হওয়ার কথা ছিল গত মে মাসে। করোনাভাইরাসের কারণে তা নতুন সূচিতে সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। ফরাসী ওপেনের শিরোপা ধরে রাখার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না, ইনস্টাগ্রামে বলেছেন বার্টি। বার্টি থাকেন কুইন্সল্যান্ডের ব্রিজবেনে, রাজ্য সীমান্ত বন্ধ রাখায় যেখানে করোনাভাইরাস পরিস্থিতি এখনও বেশ নিয়ন্ত্রিত। তার কোচ থাকেন ভিক্টোরিয়ার মেলবোর্নে।

ক্যারিয়ার শেষের ছবি আঁকছেন স্যামি

ক্রীড়া প্রতিবেদক

আগামী ডিসেম্বরে বয়স পূর্ণ হবে ৩৭, ভাটার টান নিজের পারফরম্যান্সেও। ড্যারেন স্যামি বুঝে গেছেন, তার ক্যারিয়ার পৌঁছে গেছে গোধূলি বেলায়। ক্যারিয়ারের ইতি টানার সম্ভাব্য পথ তাই ভাবতে শুরু করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তার চাওয়া, সেন্ট লুসিয়ায় নিজের নামে নামকরণ হওয়া স্টেডিয়ামে ঘরের দর্শকদের সামনে বিদায় জানাবেন টি-টোয়েন্টি ক্রিকেটকে।
২০ ওভারের ক্রিকেটেও এখন খুব ভালো করছেন না। সেন্ট লুসিয়া জুকসের হয়ে সিপিএলের চলতি আসরে ৯ ইনিংসে রান করেছেন কেবল ৩৪, স্ট্রাইক রেট ৮০-এর নিচে। বল করেছেন মাত্র দুই ওভার, ১৯ রানে উইকেট একটি। ব্যক্তিগত পারফরম্যান্সে অনুজ্জ্বল হলেও বরাবরের মতোই উজ্জ্বল তিনি নেতৃত্বে। তার অধিনায়কত্বে সিপিএলে দ্বিতীয়বারের মতো প্লে-অফে জায়গা করে নিয়েছে জুকস। পাঁচবার ফাইনাল খেলা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে মঙ্গলবার হারালে প্রথমবার টুর্নামেন্টের ফাইনাল খেলবে স্যামির জন্মভূমির দলটি। গত মার্চে পাকিস্তান সুপার লিগের মাঝপথে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়ে কোচের দায়িত্ব নেন স্যামি।