Home আঞ্চলিক উচ্চ আদালতের আদেশ না পৌঁছানোয় ৮ বছর পর মিলল মুক্তি

উচ্চ আদালতের আদেশ না পৌঁছানোয় ৮ বছর পর মিলল মুক্তি

33

স্টাফ রিপোর্টার।।


উচ্চ আদালতের খালাসের আদেশ না পৌঁছানোর কারণে দীর্ঘ ৮ বছর কারাবাস শেষে মুক্তি পেয়েছেন ইব্রাহিম আলী নামে এক যুবক।


রোববার (৯ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি জানান, ইব্রাহিমের খালাসের আদেশ থাকা সত্ত্বেও কারাগারে রিলিজ অর্ডার (মুক্তির আদেশ) না আসায় তাকে মুক্তি দেয়া সম্ভব হচ্ছিল না। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া ও জেলার মো. শরিফুল আলমের প্রচেষ্টায় মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

ইব্রাহিম হোসেন খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। কারাগার সূত্রে জানা যায়, ২০০৩ সালের একটি হত্যা মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে ২০১৭ সালে তিনি খালাস পান। কিন্তু কারাগারে মুক্তির আদেশ না পৌঁছায় বিনা অপরাধে আরও ৮ বছর কারাভোগ করতে হয় তাকে।

চলতি বছরের জানুয়ারিতে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। এরপর সিনিয়র জেল সুপার আদালতের সঙ্গে যোগাযোগ করে মুক্তির আদেশ সংগ্রহ করেন এবং গত ৪ ফেব্রুয়ারি মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আজ তাকে মুক্তি দেয়া হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে ইব্রাহিম কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কারা অধিদফতরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘আমি অধিদফতরে নতুন এসেছি। যেখানে সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা করছি। বন্দিদের যাতে কোনো সমস্যার মুখোমুখি হতে না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া ও জেলার মো. শরিফুল আলম যে কাজটি করেছেন তা প্রশংসনীয়। কারা অধিদপ্তরের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে।’