ঢাকা অফিস।।
বাংলাদেশ পুলিশের আলোচিত-সমালোচিত কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ও পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে আনা হয়। ওই রাতেই নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শনিবার দুপুরের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। একই দিন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল?্যা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করে। এ ছাড়া
রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আটক ডিআইজি মোল?্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে
ছিলেন। তার বিরুদ্ধে গুম-খুনসহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
সরকার বদলের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণ-আন্দোলনে বল প্রয়োগের অভিযোগে পুলিশের আলোচিত অনেক সদস্যের বিরুদ্ধে সারাদেশে হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে এসব মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২৮ সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে ডিআইজি মোল্যা নজরুলসহ মোট চার পুলিশ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার তথ্য এসেছে পুলিশের পক্ষ থেকে। গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সবশেষ সিআইডিতে কর্মরত ছিলেন।
সরকার বদলের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত বছরের ৭ অক্টোবর মোল্যা নজরুলকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়।
এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুল ঢাকা ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) থাকার সময় তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হলে ওই পদ থেকে তাকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে একই বছরের ১২ নভেম্বর ঘুষগ্রহণের সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।











































