বিনোদন ডেস্ক
একটা সময় যাকে মাসের ত্রিশ দিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা যেত এখন তাকে খুঁজতে হয় আতশ কাচ দিয়ে। সিনেমার ব্যস্ততায় অনিয়মিত হয়েছেন নাটকে। বলছিলাম মেহজাবীন চৌধুরীর কথা। গেল বছরে ‘প্রিয় মালতী’ সিনেমা বড় পর্দায় অভিষেক হওয়া এই নায়িকা আবারও ফিরছেন ছোট পর্দায়। দর্শকদের জন্য নতুন উপহার নিয়ে আসছেন তিনি।
আসছে ভালোবাসা দিবসে তাকে পাওয়া যাবে নতুন ওয়েব ফিল্মে, যেটির নাম ‘নীল সুখ’। ভিকি জাহেদ পরিচালিত এই ফিল্মে তার সঙ্গে রয়েছেন রেহান। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার।
যেখানে দেখা গেছে খোলা মাঠে বরের বেশে শুয়ে রয়েছেন রেহান আর তার ঠোঁটে জ্বলন্ত সিগারেট। তারই বুকে নীল ফুল হাতে সি গ্রিন শাড়িতে ধরা দিয়েছেন মেহজাবীন, তবে সেটিও রহস্যময়ী রূপে।
জানা গেছে, ভালোবাসা দিবসে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এর আগে আগামী ১০ ফেব্রুয়ারি উন্মুক্ত হবে এর ট্রেলার। এটি মুক্তি পাবে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফরমে।











































