Home খেলাধুলা শততম টেস্ট খেলে অবসর নিচ্ছেন করুনারত্নে

শততম টেস্ট খেলে অবসর নিচ্ছেন করুনারত্নে

15


স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকার ওপেনার দিমুথ করুনারত্নে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গলে নিজের শততম ও সিরিজের দ্বিতীয় টেস্টটি এই বাঁহাতি ওপেনারের শেষ টেস্ট হতে যাচ্ছে।

অবসর প্রসঙ্গে করুনারত্নে বলেছেন, ‘পরের টেস্টই যে আমার শেষ টেস্ট সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই শ্রীলঙ্কা ক্রিকেটকে জানিয়েছি। খেলা ছাড়ার এটাই সেরা সময়, যেহেতু পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩-৪ জন তরুণ খেলোয়াড় আসতে পারে। এ ছাড়া এই গলেই আমার অভিষেক হয়েছিল, এখানে শেষ করা দারুণই হবে।’

এদিকে সপ্তম লংকান ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাচ্ছেন করুনারত্নে। এর আগে শ্রীলংকার হয়ে ১০০টির বেশি টেস্ট খেলেছেন সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুস।

করুনারত্নের সব মিলিয়ে টেস্টে রান করেছেন ৭১৭২। আছে ১৬ টি সেঞ্চুরি। তার টেস্টের সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে। ২০২১ সালে করেছিলেন ২৪৪। তিনি শ্রীলংকাকে দীর্ঘদিন টেস্টে নেতৃত্বও দিয়েছেন। ২০১৯ থেকে ২০২৪ এই সময়ে ৩০ টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন করুনারত্নে। শ্রীলংকার হয়ে ৫০টি ওয়ানডেও খেলেছেন করুনারত্নে।