খুলনাঞ্চল রিপোর্ট
শরীয়তপুরে হাতুড়ি পিটুনিতে এক সাংবাদিক আহত হয়েছেন। হাতুড়ি দিয়ে পেটানোর সময় তাঁকে রক্ষা করতে এলে অপর সাংবাদিককে মারধর করা হয়। আজ সোমবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই দুই সাংবাদিক অভিযোগ করেছেন, দৈনিক জনতা পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি নুরুজ্জামাল শেখ ও তাঁর লোকজন এই হামলা করেছেন।
পিটুনিতে আহত সাংবাদিকের নাম সোহাগ খান সুজন। তিনি দৈনিক সমকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি। মারধরের শিকার অপর সাংবাদিকের নাম বিধান মজুমদার। তিনি বেসরকারি টিভি নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি।
হামলার শিকার দুই সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক নুরুজ্জামাল শেখ শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় একটি ক্লিনিকের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর প্যাথলজি পরীক্ষা ও মৃত্যুর ঘটনা নিয়ে কয়েকটি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়, যা নিয়ে নুরুজ্জামাল শেখের সঙ্গে স্থানীয় কয়েকজন সাংবাদিকের বিরোধ তৈরি হয়। গতকাল রোববার সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে এ নিয়ে একটি সালিস হয়। ওই সালিসের পর কয়েকজন সাংবাদিক নুরুজ্জামালকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার জেরে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের সড়কে নুরুজ্জামাল ও তাঁর লোকজন সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খানকে হাতুড়ি দিয়ে পেটান।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনে তিনি হাসপাতালে গিয়েছিলেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।











































