ক্রীড়া প্রতিবেদক
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট একের পর এক বিতর্কে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। দেশের ক্রিকেটের এই বাজে সময় ক্রান্তিকাল চলছে ফুটবল অঙ্গনেও। বিশেষ করে বাংলাদেশ নারী ফুটবল দলে। প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে সাবিনা খাতুনদের দ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশের ফুটবলের অন্দরমহলের আবহ। খেলোয়াড়রা অনুশীলন বর্জন করেছেন। দিয়েছেন হুমকি। ব্রিটিশ কোচকে সরিয়ে না দিলে ফুটবল থেকেই নিজেদের গুটিয়ে নেবেন বলে হুশিয়ারি দিয়েছেন মেয়েরা।
নারী ফুটবলের এই উদ্ভূত সংকট নিয়ে সম্প্রতি জরুরি সভার ডাক দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সেই সভায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বাফুফে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। আজ বাফুফে ভবনে বিশেষ এই কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভার উদ্দেশ্য পরিষ্কারÑ সংকট নিরসন করা। ইমরুল হাসান সংবাদমাধ্যমের কাছে গতকাল আশা প্রকাশ করে বলেছেন, ‘মেয়েদের অবশ্যই বাংলাদেশের ফুটবলে একটা ভালো অবদান রয়েছে। কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারও কাছে বাংলাদেশের ফুটবল জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু এক রকম ঠিক না। আমরা আশা করছি একটা সুন্দর সমাধানে পৌঁছাতে পারব।’
ফুটবলাররা মাঠে খেলেন। কিন্তু হঠাৎ করে মাঠবিমুখ হয়ে গেলেন নারী দলের সদস্যরা। এই দায় এড়াতে পারেন না কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারাও। ইমরুল তাই সাফ বলে দিয়েছেন, ‘ফুটবল কারও কাছেই জিম্মি হয়ে থাকতে পারে না। সেটা খেলোয়াড়, কোচ, কর্মকর্তা যেই হোক।’ বাফুফে সভাপতির কাছে নারী ফুটবলারদের কোচ নিয়ে চিঠির পরিপ্রেক্ষিতে মূলত এই কমিটি গঠন হয়েছে। ফুটবলার-কোচ প্রধান চরিত্র হলেও সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিটি। ইমরুলের ভাষায়, ‘কোচ ও ফুটবলারদের থেকে তো শুনবেই। নারী উইংয়ের কর্মকর্তা, অন্য কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকেই আমরা প্রকৃত তথ্য জেনে সংকট সমাধানের চেষ্টা করব।’ তদন্ত কমিটির মেয়াদ মাত্র এক সপ্তাহ। গুরুত্বপূর্ণ এই কাজ এক সপ্তাহের জন্য যথেষ্ট কি না এই প্রসঙ্গে তার উত্তর, ‘আমরা আগামীকাল (আজ) প্রথম সভার মাধ্যমে কাজ শুরু করব। দেখা যাক কত দিন সময় লাগে।’
২০২৩ সালে ফিফা আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল। এরপর বাফুফে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই সময় বাফুফের সহসভাপতি পদে ছিলেন ইমরুল হাসান। ওই কমিটির কোনো সভাতেই উপস্থিত থাকেননি এবং প্রতিবেদনে স্বাক্ষরও ছিল না। এবার গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে কতটুকু সময় দিতে পারেন সেটাই দেখার বিষয়। গত পরশু নারী ফুটবলাররা কোচের ওপর বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোচ বাটলারের কোনো বক্তব্য আসেনি। তবে ছাত্রীদের কর্মকাণ্ডে একই সঙ্গে তিনি বিরক্ত ও হতাশ। কার্যত সংবাদমাধ্যম এড়িয়ে যাচ্ছেন ব্রিটিশ কোচ। নারী ফুটবলারদের সমস্যায় নারী উইং আগে থেকেই জ্ঞাত। এরপরও সমস্যা সমাধান না করে কেন কোচ নিয়োগ ও সমস্যা চলমান। এ নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছেন না নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও।











































