Home আঞ্চলিক খুবির ছাত্র অর্ণব খুন, বন্ধু রব্বানীর রিমান্ডের আবেদন

খুবির ছাত্র অর্ণব খুন, বন্ধু রব্বানীর রিমান্ডের আবেদন

30

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার হত্যা মামলায় তার বন্ধু মো. গোলাম রব্বানীকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। তবে আদালত এখনও রিমান্ডের শুনানির দিন ধার্য করেনি। এদিকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে শিক্ষার্থীরা।


সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, অর্ণবকে হত্যার পর গত শুক্রবার রাতে আটক তিনজনের মধ্যে দুজনকে রোববার (২৬ জানুয়ারি) ভোরে তাদের বাবা-মায়ের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে। আটক অর্ণবের বন্ধু মো. গোলাম রব্বানীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এস আই আশরাফুল আলম জানান, অর্ণব ও গোলাম রব্বানী আগে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতো এবং তারা বন্ধু। রব্বানীর সঙ্গে অর্ণবের সবশেষ ফোনে কথা হয়েছিল এবং রব্বানী তাকে তেঁতুলতলা মোড় এলাকায় ডেকে নিয়ে আসে। এরপর অর্ণব খুন হয়।

তিনি আরও জানান, গোলাম রব্বানীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে এখনও শুনানি হয়নি।

এর আগে গত শনিবার রাতে নিহতের বাবা নীতিশ সরকার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রোববার দুপুরে নগরীর কেডিএ এভিনিউতে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও নগরীর রয়্যাল মোড়ে মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে ৩ দিনের আল্টিমেটাম দেয়।

গত শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে অর্ণবকে হত্যা করেছিল।