স্পোর্টস ডেস্ক
আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল গতকালই। আজ বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। যেখানে আফগানিস্তানের রশিদ খান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা জায়গা পেলেও বাংলাদেশ থেকে কেউ সুযোগ পাননি। সর্বোচ্চ চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত দল থেকে।
সেরা একাদশের ওপেনিংয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে। এই দলের অধিনায়কও রোহিত। গত বছর দলকে শিরোপা জেতানো এই ক্রিকেটার ব্যাট হাতেও ছিলেন ছন্দে। ১১ ম্যাচে ৪২ গড়ে করেছেন ৩৭৮ রান। এর মধ্যে ১২১ রানের একটি ইনিংসও আছে। স্ট্রাইকরেটও ১৬০-এর ওপরে। হেডের নামও আসা অবধারিত ছিল। ১৫ ম্যাচে ৩৮.৫০ গড়ে করেছেন ৫৩৯ রান। চারটি হাফ সেঞ্চুরি আদায় করা এই ক্রিকেটার ব্যাট করেছেন ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে।
ইংল্যান্ডের হয়ে তিন নম্বরে ব্যাটিং করলেও আইসিসিরি বর্ষসেরা একাদশে তিনে রাখা হয়েছে সল্টকে। মূলত, তাকে ছাড়া গত বছরের একাদশ তৈরির কোনো সুযোগ নেই। ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন তিনি। পাওয়ার প্লে কাজে লাগনোতে সল্টের কোনো জুড়ি ছিল না। গত বছর ১৭ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৪৬৭ রান করেছেন তিনি।
একাদশের চার, পাঁচ ও ছয় নম্বরে আছেন বাবর আজম, নিকোলাস পুরান ও রাজা। ২৪ ম্যাচে ৬টি হাফ সেঞ্চুরির মাধ্যমে ৭৩৮ রান করেছেন বাবর। আর ক্যারিবিয়ান তারকা পুরানের ব্যাটে এসেছে ৪৬৪ রান। এই একাদশের উইকেটকিপারও তিনি। আর বলে-ব্যাটে দারুণ ছন্দে ছিলেন রাজা। ২৪ ম্যাচে ৫৭৩ রান করার পাশাপাশি ২৪টি উইকেটও নিয়েছেন তিনি। এর মধ্যে গাম্বিয়ার বিপক্ষে এক ম্যাচেই ৪৩ বলে করেছিলেন অপরাজিত ১৩৩ রান।
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে এই দলের সাত নম্বরে রাখা হয়েছে। যদিও ভারতের হয়ে মূলত ছয় নম্বরে ব্যাটিং করেন তিনি। গত বছরে ১৭ ম্যাচে ৩৫২ রান করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। বল হাতে তুলে নিয়েছেন ১৬ উইকেট।
লেগ স্পিনার হলেও ভালোই ব্যাট করতে পারেন রশিদ ও শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আট ও নয় নম্বরে এই দুজন। বেশ কয়েক বছর ধরে টি-টোয়েন্টি বোলিংয়ে আধিপত্য বিস্তার করা এই দুজন গত বছরও ছিলেন ঈর্ষণীয় ফর্মে। ১৪ ম্যাচ থেকেই ৩১ উইকেট শিকার করেছেন রশিদ। মাত্র ৯.৫৮ গড় রেখে বোলিং করেছেন এই স্পিনার। অন্যদিকে, ২০ ম্যাচ থেকে ৩৮ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ১৭৯ রান করে শ্রীলংকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাসারাঙ্গাও।
মূল পেসার হিসেবে টি-টোয়েন্টির বছরসেরা একাদশে জায়গা হয়েছে জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের। ভারতকে বিশ্বকাপ জেতাতে এই দুজনের ছিল বিশাল ভূমিকা। ৮ ম্যাচ থেকে মাত্র ৮.২৬ গড়ে ১৫ উইকেট বুমরাহর। আর ১৮ ম্যাচ থেকে দ্বিগুণ মানে ৩৬ উইকেট শিকার করেছেন আর্শদীপ।











































