বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোল্লাহাটে অবৈধভাবে শিকার করে আটকে রাখা প্রায় ১২০০ ঝুট শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট গ্রামে বিলে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
তবে অভিযানে শিকারিকে আটক করতে পারেনি উপজেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পাখি শিকারি ও তার সহযোগীরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, শীতের মৌসুমে ঘের-বিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে এক শ্রেণির লোভী পাখি শিকারি বিভিন্ন ধরনের ফাঁদ পেতে পাখি শিকার করে। গোপন সংবাদের ভিত্তিতে পাখি শিকারের তথ্য পেয়ে আমরা গাওলা লোকালয় সংলগ্ন বিলে অভিযান পরিচালনা করি। একটি মৎস্য ঘেরের অস্থায়ী ঘরের মধ্যে বিশেষ জালে আটকে রাখা ১২০০ ঝুট শালিক পাখি পাই। পরে আমরা পাখিগুলো অবমুক্ত করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, আমাদের পৌঁছাতে দেরি হলে পাখিগুলো হয়ত পাচার হয়ে যেত। পাখি শিকারের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে নিয়মিত মামলা হবে এবং এদের আটকের অভিযান অব্যাহত থাকবে।











































