স্পোর্টস ডেস্ক
‘দ্য ট্রেন’ ‘ট্যাংক’ ‘মনস্টার’ এসব নামেই তাকে ডাকা হয় নিজ দেশে। সতীর্থরা ছোট্ট করে ডাকেন ‘খোদির’ নামেও। আব্দুখোদির কুজানভ এবার গড়লেন ইতিহাস। উজবেকিস্তানের প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখালেন তিনি।
ইংলিশ চ্যাম্পিয়নরা ফরাসি ক্লাব লঁস থেকে তরুণ এই ডিফেন্ডারকে দলে নিয়েছে। চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। ২০ বছর বয়সী সেন্টার-ব্যাকের সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি সাড়ে চার বছরের।
এবারের ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ডের লড়াইয়ে দীর্ঘ তালিকায় ছিল তার নাম, যেটি শেষ পর্যন্ত জিতে নিয়েছেন বার্সেলোনা ও স্পেনের লামিনে ইয়ামাল। যেখানে উজবেকিস্তানের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ দলে খেলে জাতীয় দলেও ১৮ ম্যাচ খেলে ফেলেছেন কুজানভ। খেলেছেন গত অলিম্পিকসেও।
মূলত প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া, বাধার দেয়াল হয়ে দাঁড়ানো, হাওয়ায় ভেসে তার সামর্থ্য, আগ্রাসী ধরন, সব মিলিয়েই এই বিশেষণগুলো কুজানভ পেয়েছেন নানা সময়ে।











































