স্টাফ রিপোর্টার
নগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে ওএমএস পণ্য ক্রয় করার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মানিক হাওলাদার (৩৫) কে হত্যার ঘটনায় আটক নারীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আটক নতুন রেলওয়ে কলোনি রেলওয়ে মসজিদ এর পিছনের বাসিন্দা শাহজাহান হাওলাদারের মেয়ে তুলি আক্তার (২০) কে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই মো রাকিবুল ইসলাম। এসময় আদালতের বিচারক অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
তুলি আক্তার বর্তমানে টুটপাড়া বড় মসজিদ এর পাশে মালেক এর ভাড়াটিয়া বাড়িতে বসবাস করেন। নিহত মানিক হাওলাদার পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০ জানুয়ারি বেলা ১১টার দিকে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন পানির ট্যাংকির পাশে ওএমএস পণ্য ক্রয় করার সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদী হাওলাদার এর নিকট থাকা ধারালে চাকু দিয়ে মানিক হাওলাদারের পেটের বাম পার্শ্বে ও বুকের ডান পার্শ্বে আঘাত করে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এঘটনায় উত্তেজিত জনসাধারণ তুলি আক্তার ও সাজ্জাদ হাওলাদারকে এলোপাতাড়িভাবে মারপিট করে পুলিশকে সংবাদ দেয়। সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করে। পরে মঙ্গলবার তুলি সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হয় এবং অসুস্থ থাকায় সাজ্জাদ হাওলাদার প্রিজন সেলে রয়েছেন।











































