Home আঞ্চলিক গোপালগঞ্জে ভবনের ৬ তলা থেকে পড়ে মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু

গোপালগঞ্জে ভবনের ৬ তলা থেকে পড়ে মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু

4

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভবনের ৬ তলা থেকে পড়ে সুস্মিতা মজুমদার ইভার (২৫) নামের এক মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুস্মিতা গোপালগঞ্জ শহরের জনতা রোডের ডাঃ জগদীশ মজুমদারের মেয়ে। ইভা গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে স্বেচ্ছা সেবক টেকনোলজিস্ট হিসেবে বিনা বেতনে কাজ করছিলো। তিনি এক পুত্র সন্তানের জননী। তার স্বামীর নাম রাজিব মজুমদার।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ষ্ট তলায় পিসিআর ল্যাব টেকনোলজিস্টদের প্রশিক্ষণ কর্মশালা চলছিলো। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ৬ প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে সুম্মিতা নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সুস্মিতার কাকা গোপালগঞ্জ জেনারেল হাসপতালের চিকিৎসক ডাঃ অনুপ মজুমদার বলেন, ফরিদপুর থেকে টেকনোলজিস্ট পাশ করার পর সে করোনা রোগীদের সেবা দিতেই স্বেচ্ছা সেবক হিসেবে আড়াই শ’ বেড জেনারেল হাসপতালে অবৈতনিক টেকনোলজিস্ট হিসেবে যোগদান করে। ভবনের যে জায়গা থেকে সুস্মিতা পড়েছে, সেখান থেকে পড়ার কথা নয়। তার পড়ে যাওয়ার বিষয়টি আমার কাছে সন্দেহ জনক মনে হচ্ছে। আমি বিষয়টি তদন্ত করে দেখার জন্য জেলা প্রশাসককে মৌখিকভাবে বলেছি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এটা একটি দুঃখজনক ও অনাকাঙ্খিত ঘটনা। ঘটনাটি কিভাবে ঘটলো তা বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে ভবনের বারান্দায় উঁচু রেলিং দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন সহ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পদস্থ কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।