Home আঞ্চলিক যৌতুকের টাকা না পেয়ে নববধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

যৌতুকের টাকা না পেয়ে নববধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

23

সাতক্ষীরা প্রতিনিধি।।


সাতক্ষীরার মাধবকাটিতে যৌতুকের টাকা না পেয়ে খাদিজা খাতুন (১৯) নামে এক নববধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ওই নববধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ঝাড়ডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত খাদিজা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী এবং সদর উপজেলার নারায়ণজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালীর মেয়ে।

অপরদিকে, গ্রেফতার আমিরুল ইসলাম (২৩) মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে।

নিহতের আত্মীয় নারাণজোল গ্রামের মনিরুল ইসলাম জানান, মাত্র তিন মাস আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়।

বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে যৌতুকের দুই লাখ টাকা নেয়ার জন্য খাদিজা খাতুনের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। খাদিজা টাকা আনতে বাপের বাড়ি যেতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন আমিরুল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুল লাঠি দিয়ে খাদিজার মাথায় আঘাত করেন। এ সময় খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর আমিরুল একরকম উন্মাদের মত হয়ে যান। সকালে বাড়িতে এসে তিনি আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা আমিরুলকে ঘরে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ইতিমধ্যে আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে।