ক্রীড়া প্রতিবেদক
সবকিছু ঠিক ভালোই চলছিল। করোনায় দীর্ঘদিন ঘরে বন্দি থাকার পর ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত হলেন জাতীয় দলের ক্রিকেটাররা। রাজধানী ঢাকার শেরে বাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, খুলনার শেখ নাসের, রাজশাহীর কামরুজ্জামান ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নিজেদের মতো করে রানিং, জিমওয়ার্ক আর ব্যাটিং-বোলিং প্র্যাকটিস করেছেন তামিম, মুশফিক, রিয়াদ, মুমিনুলরা।
ক্রিকেটারদের কলতানে মুখর ছিল দেশের ৫ বিভাগীয় শহরের স্টেডিয়াম। এর মধ্যে শেরে বাংলায় দুই ডজনের বেশি ক্রিকেটার নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন। বাকি চার ভেন্যুতে সবকিছু ঠিকঠাকমত চললেও শেরে বাংলায় হঠাৎ ছন্দপতন। গতকাল শুক্রবার থেকে তিনদিনের জন্য অনুশীলন বন্ধ।
খোঁজ নিয়ে জানা গেছে, শেরে বাংলায় ক্রিকেটারদের অনুশীলনে হানা দিয়েছে করোনা। স্বভাবতই প্রশ্ন উঠেছে- কে আবার আক্রান্ত হলেন? ক্রিকেটারদের মধ্যে কেউ কি? তিনি বা তাদের নাম কি? এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা গেল, ক্রিকেটারদের কেউ নন, করোনা হানা দিয়েছে কোচিং স্টাফে। তবে একজন দুজন নয়, তিনজন কোচিং স্টাফ আক্রান্ত হয়েছেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান আজ (শুক্রবার) সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, ‘তিনজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত। একজন ট্রেনার, একজন ফিজিও এবং একজন মাঠকর্মী। তাই আমরা ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পরবর্তী তিনদিনের জন্য বন্ধ রেখেছি।’ কোচিং সহকারীদের করোনায় আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেও আকরাম খান তাদের নাম বলেননি। তবে তিনি জানান, ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখেই প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আকরাম খানের কথা, ‘সামনেই শ্রীলঙ্কা সফর। এখন যদি প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলে আক্রান্ত সাপোর্টিং স্টাফের মাধ্যমে করোনা ক্রিকেটারদের মধ্যে সংক্রমিত হতে পারে, সেই চিন্তায় সাময়িকভাবে শেরে বাংলায় অনুশীলন বন্ধ রাখা হয়েছে। আশা করছি আগামী সোমবার থেকে আবার শুরু হবে।’
জার্মানিকে রুখে দিলো স্পেন
ক্রীড়া প্রতিবেদক
উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচটি ঠিক দাপট দেখিয়ে খেলতে পারেনি জার্মান ফুটবল দল। তবু সম্ভাবনা জেগেছিল ন্যুনতম ব্যবধানে ম্যাচ জিতে নেয়ার। কিন্তু ম্যাচের একদম শেষ মিনিটের গোলে জার্মানদের রুখে দিয়েছে স্পেন।
বৃহস্পতিবার রাতে জার্মানির মার্সিডিজ বেঞ্জ এরেনায় নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও স্পেন। মাঠের খেলায় জার্মানির চেয়ে যোজন যোজনে এগিয়ে ছিল স্পেন। কিন্তু কাজের কাজ গোলটি আগে করে জার্মানরা। তবে শেষ মিনিটের গোলে ড্র করতে পেরেছে স্প্যানিশরা। দীর্ঘদিন পর ফেরা আন্তর্জাতিক ফুটবলে দুই দলেই ছিল বেশ কিছু নতুন মুখ। কিন্তু মাঠের খেলায় তেমন বোঝা যায়নি সেটা। যদিও বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে দুই দলই। যে কারণে প্রথমার্ধ থেকে যায় পুরোপুরি গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড টিমো ওয়ের্নার। সতীর্থ রবিন গোজেন্সের বাড়ানো বল ধরে ঠা-া মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। মিনিট দশেক পর অবশ্য সহজ আরেকটি সুযোগ হাতছাড়া করেন ওয়ের্নার।
দুই দলের গোল মিসের মহড়ায় মনে হচ্ছিল, ওয়ের্নারের এক গোলেই শেষ হবে ম্যাচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্তি যোগ করা সময়েরও শেষ মিনিটে জার্মানদের হতাশায় ডোবান হোসে লুইস গায়া। তার আলতো টোকায় ভাগাভাগি হয় ম্যাচের পয়েন্ট। নেশনস লিগে জার্মানির পরের ম্যাচ কাল রবিবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে। একইদিন একই সময়ে ইউক্রেনের বিপক্ষে খেলবে স্পেন।
করোনার নামে রাগবি খেলা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সময় যখন অনেক ফেডারেশন মাঠে খেলা রাখতে পারছে না, সেখানে একটি দৃষ্টান্ত গড়তে যাচ্ছে রাগবি ফেডারেশন। আগামী ৭ সেপ্টেম্বর দিনব্যাপী রাগবি প্রতিযোগিতার আয়োজন করেছে ফেডারেশন। প্রতিযোগিতার নামকরণই হয়েছে করোনার নামে করোনা কাপ রাগবি।
পল্টন মাঠে অনুষ্ঠেয় চার দলের প্রতিযোগিতায় অংশ নেবে সেনাবাহিনী, আনসার ,ফেইম বয়েজ রাগবি কাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং কাব। প্রতিযোগিতার নাম করোনার নামে করা প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সবাইকে সচেতন করার জন্যই আমরা করোনার নামে প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি। এতে যেন সবাই আরও সজাগ থাকে। এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারে।’
বাংলাদেশে তায়কোয়ানদো যেখানে ‘প্রথম’
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে এতদিন কোনও খেলাই মাঠে গড়াতে পারেনি। ফুটবল, ক্রিকেট ও হকি দলের সামান্য অনুশীলনই শুধু হয়েছেন। এখানে ব্যতিক্রম তায়কোয়ান্দো ফেডারেশন। বৃহস্পতিবার থেকে এই ফেডারেশন শুরু করলো তিন দিনব্যাপী ওয়ালটন রেফ্রিজারেটর আন্ত:জেলা পুমসে তায়কোয়ানদো। স্বাস্থ্যবিধি অনুসরণ করে এমন প্রতিযোগিতা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাই বেশ খুশি।
খেলা হচ্ছে জীবানু-সুরক্ষিত পরিবেশে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে অংশগ্রহণকারী সবাইকে টানেল স্প্রের মাধ্যমে প্রবেশ করতে হয়েছে। টানেল পর্বের আগে ছিল হাত ধোঁয়ার ব্যবস্থা। খেলোয়াড়দের মুখে ছিল মাস্ক। সবার শরীরের তাপমাত্রাও মাপা হয়েছে। ছয় কাব এবং ১৪ জেলার প্রায় দুই শত খেলোয়াড় এতে অংশ নিচ্ছে। ১২টি ইভেন্টে ৩৬টি সোনার পদকের জন্য তাদের লড়াই চলবে শনিবার পর্যন্ত। করোনার কারণে শারীরিক সংঘর্ষের কোনও খেলা নেই। শুধুমাত্র ডিসপ্লে প্রদর্শন করেই জিততে হবে পদক।
অবশেষে অনুশীলন শুরু করছে চেন্নাই
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাব কাটিয়ে অবশেষে আইপিএলের জন্য অনুশীলন শুরু করছে চেন্নাই সুপার কিংস। আইপিএল খেলতে গত ২১ আগস্ট আরব আমিরাতে গিয়েছে চেন্নাই। কিন্তু শুরু করতে পারেনি অনুশীলন। কেননা তাদের দলের ১২ জন সদস্য আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে।
নিয়মানুযায়ী আমিরাতে গিয়ে ছয়দিন আইসোলেশনে থাকার পরই অনুশীলন শুরুর কথা ছিল দলগুলোর। যা শুরুও করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ক্যাপিট্যালস, মুম্বাই ইন্ডিয়ানসহ বাকি দলগুলো। কিন্তু নিজেদের দলে করোনাক্রান্ত থাকায় তা করতে পারেনি চেন্নাই। অবশেষে আমিরাত গমনের পাক্কা দুই সপ্তাহ পর গতকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চেন্নাইয়ের অনুশীলন। স্বাভাবিকভাবেই এই অনুশীলন ক্যাম্পে নেই করোনাক্রান্ত ১২ সদস্যের কেউই। তারা রয়েছেন ১৪ দিনের আইসোলেশনে। তবে যারা অনুশীলনে যোগ দিচ্ছেন তাদের সবাইকে বাড়তি করোনা পরীক্ষা করিয়ে নেয়া হয়েছে।
গ্রুপপর্বেই বাদ চ্যাম্পিয়ন বার্বাডোজ
ক্রীড়া প্রতিবেদক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন দল বার্বাডোজ ট্রাইডেন্টস। দলটিকে চ্যাম্পিয়ন করতে অলরাউন্ড পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কিন্তু এবার আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে সিপিএল খেলতে যেতে পারেননি সাকিব। তার সাবেক দল বার্বাডোজের অবস্থাও হয়েছে তথৈবচ। একের পর এক ম্যাচ হেরে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্বাডোজ ট্রাইডেন্টস। দলটির সামনে শেষ সুযোগ ছিল বৃহস্পতিবার রাতে বর্তমান রানারআপ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে একই দলের কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে বার্বাডোজের। পরপর দুই ম্যাচে বার্বাডোজকে হারিয়ে গত আসরের ফাইনালে হারের শোধ নিয়েছে গায়ানা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রানের বেশি করতে পারেনি বার্বাডোজ। এ নিয়ে টানা তিন ম্যাচে ১০০’র কম রানে থেমেছে বর্তমান চ্যাম্পিয়নদের। জবাবে ৩৪ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে গায়ানা।
রেকর্ডে বার্সেলোনার বিস্ময় বালক
ক্রীড়া প্রতিবেদক
ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড আগেই করেছেন স্প্যানিশ কাব বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। এবার তিনি রেকর্ড গড়লেন জাতীয় দলের হয়ে।
বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিল স্পেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আনসু ফাতিকে মাঠে নামান স্পেন কোচ। যার ফলে তিনি এখন গত ৮৪ বছরের মধ্যে স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার। জার্মানির বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৭ বছর ৩০৮ দিন। যা তাকে করেছে স্পেনের হয়ে খেলা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। এর আগে গতবছরের আগস্ট ১৬ বছর ২৯৮ দিন বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করেও রেকর্ড গড়েছিলেন ফাতি। মাত্র ২৪ দিনের জন্য স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হতে পারেননি ফাতি। ১৯৩৬ সালের এপ্রিল মাসে চেকস্লোভিয়ার বিপক্ষে মাত্র ১৭ বছর ২৮৪ দিন বয়সে অভিষেক হয়েছিল অ্যাঞ্জেল জুবিয়েতার। তিনিই স্পেনের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার।
বার্সেলোনাতেই থাকছে মেসি
ক্রীড়া প্রতিবেদক
আরেকটি মৌসুম বার্সেলোনাতেই থেকে যাওয়ার ঘোষণা দিলেন লিওনেল মেসি। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম গোলকে বলেছেন, সর্বশেষ চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনাতে থাকছি। আমি বার্সেলোনাকে কখনও আদালতে নিয়ে যেতে চাইনি, কারণ এই কাবকে আমি ভালোবাসি।
গত বুধবার মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বৈঠকের পর মেসি এই ঘোষণা দিলেন। ঘোষণাটি একেবারে বিস্ময়কর ছিল না। কারণ দু’দিন ধরে হাওয়ায় ভাসছিল যে বার্সেলোনায় মেসি হয়তো থেকেই যাচ্ছেন। কারণ রিলিজ কজের ৭০ কোটি ইউরো না পেলে মেসিকে না ছাড়তে অনড় ছিল বার্সেলোনা। মেসির বাবার সঙ্গে বৈঠকে সেটি স্পষ্ট জানিয়েও দেন বার্তোমেউ।
নেইমারের আরও তিন সতীর্থ আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের থাবা প্যারিস সেন্ত জার্মেইয়ে। দুই দিন আগে তিন খেলোয়াড়ের প্র্রাণঘাতী ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল ফরাসি কাবটি। বৃহস্পতিবার দিয়েছে আরও তিন খেলোয়াড়ের ‘পজিটিভ’ হওয়ার খবর।
কাব থেকে নাম গোপন রাখা হলেও ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আক্রান্ত হওয়া তিন খেলোয়াড় হলেন স্ট্রাইকার মাউরো ইকার্দি, ডিফেন্ডার মারকিনুস ও গোলকিপার কেইলর নাভাস। সব মিলিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের ছয় খেলোয়াড় হলেন করোনা ‘পজিটিভ’। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার পর অবকাশ যাপনে স্পেনের ইবিজায় গিয়েছিলেন পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড়। সেখান থেকেই করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সেঞ্চুরির অপেক্ষা বাড়লো রোনালদোর
ক্রীড়া প্রতিবেদক
সেঞ্চুরি থেকে আর এক কদম দূরে পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জাতীয় দলের জার্সি গায়ে আর একবার বল জালে জড়ালেই গোলের সেঞ্চুরি হাঁকাবেন। উয়েফা নেশন্স লিগে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে এই মাইলফলক ছোঁয়ার সুযোগ ছিল রোনালদোর সামনে। তবে ইনজুরিতে এই ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে লিসবনে অনুশীলন করছিল কোচ ফার্নান্দো স্যান্তোসের দল। তবে দলের সঙ্গে অনুশীলন করেননি রোনালদো। এই পর্তুগিজ ফুটবলার ডান পায়ের আঙুলে সংক্রমণের শিকার হয়েছেন। ইতিমধ্যে তাকে অ্যান্টি বায়োটিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে সুস্থ হতে কত দিন লাগবে সে বিষয়ে কিছু নিশ্চিত জানায়নি এফপিএফ। এদিকে পর্তুগালের জার্সি গায়ে রোনালদো ১৬৪ ম্যাচে করেছেন ৯৯ গোল। আর ১ গোল করলে ফুটবল ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ১০০ গোলের কৃতিত্ব গড়বেন তিনি। এই তালিকায় তার সামনে আছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি। এই এশিয়ানের গোলসংখ্যা ১৪৯ ম্যাচে ১০৯ গোল।
এবার সরে দাঁড়ালেন হরভজন
ক্রীড়া প্রতিবেদক
আইপিএল শুরুর আগে আরেকটি ধাক্কা খেলো চেন্নাই সুপার কিংস। সুরেশ রায়নার পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন হরভজন সিংও।
৪০ বছর বয়সী এই ভারতীয় অফ স্পিনার এক টুইট বার্তায় বিষয়টা নিশ্চিত করেছেন। সরে দাঁড়ানোর কারণ হিসেবে ‘ব্যক্তিগত এবং পারিবারিক’ বিষয় টেনে এনেছেন হরভজন। তিনি নিজের টুইট বার্তায় বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি এবারের আইপিএল খেলতে পারবো না। এখন সময়টা বেশ কঠিন। আর এই সময় আমি আমার পরিবারের সঙ্গে প্রাইভেসি নিয়ে থাকতে চাই। চেন্নাই সুপার কিংস যথেষ্ট সহযোগিতাপূর্ণ, আমি চাই তারা দারুণ এক আইপিএল পার করুক।’ আগস্টের মাঝামাঝি থেকে চেন্নাইয়ের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন না হরভজন। এমনকি দলের সঙ্গে ২১ অগাস্ট আরব আমিরাতেও পাড়ি জমাননি তিনি। ১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও এবার না খেলার কথাই জানিয়ে দিলেন তিনি।
বার্সা সভাপতির বিরুদ্ধে মামলা
ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে মামলা করেছে খোদ কাতালান পুলিশ বিভাগ (লস মজোস)। স্প্যানিশ দৈনিক এল মুন্দোর প্রতিবেদন অনুসারে, সুনির্দিষ্ট অভিযোগের সমন্বয়ে একটি রিপোর্ট বানিয়ে বার্সেলোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, নিজের স্বার্থের জন্য বার্সেলোনার নাম ব্যবহার করেছেন বার্তোমেউ। এছাড়াও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সম্ভাব্য ফৌজদারি অপরাধ করেছেন বার্তোমেউ।
আইথ্রি ভেঞ্চার্স নামক একটি কোম্পানির সঙ্গে বার্সেলোনার এক চুক্তিপত্রে এমন প্রমাণ মিলেছে। আইথ্রি ভেঞ্চার্স কোম্পানিটি এর আগেও বিতর্কের সৃষ্টি করেছিল। কোম্পানিটি বার্তোমেউ নিজের প্রতিপক্ষদের সম্মানহানির কাজে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। আইথ্রির সৃষ্টি করা অ্যাকাউন্ট থেকে মেসির বিরুদ্ধে চুক্তি নবায়ন না করার গুঞ্জন উঠানো হয়েছিল। কাতালান পুলিশ নিশ্চিত হয়েছে, কাবের অভ্যন্তরীণ নীতিকে তোয়াক্কা না করে বাজারমূল্যের চেয়ে ৬০০ শতাংশ বেশি অর্থ দিয়ে আইথ্রি ভেঞ্চার্সকে ভাড়া করেছিলেন বার্তোমেউ। এই প্রতিষ্ঠানটি বার্সা সভাপতির ভাবমূর্তি সামাজিক যোগাযোগমাধ্যমে উজ্জ্বল রাখার কাজ করছিল।
পিএসএল দিয়ে ক্রিকেট ফিরছে পাকিস্তানে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ। লিগ পর্বের খেলা হলেও প্লে-অফ এবং ফাইনাল আয়োজন করা সম্ভব হয়নি। অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আবারও ক্রিকেট ফিরছে পাকিস্তানে। আর নভেম্বরে পিএসএল বাকি ম্যাচগুলো আয়োজন করা হবে বলে জানিয়েছে পিসিবি।
১৪-১৭ নভেম্বর পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর মুলতান সুলতানস এবং করাচি কিংস কোয়ালিফায়ারের ম্যাচে মাঠে নামবে। এছাড়া একইদিনে লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি খেলবে প্রথম এলিমিনেটর। কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল এবং এলিমিনেটর ম্যাচের জয়ী দল এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ খেলবে। আর ১৭ নভেম্বর হবে ফাইনাল।
করোনায় আক্রান্ত দিয়েগো কস্তা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্ট্রাইকার দিয়েগো কস্তা। তাই নিয়ম মেনে এখন আইসোলেশনে রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এ তারকা ফরওয়ার্ড। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার দিয়েগো কস্তা একা নন। তার সঙ্গে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার সান্তিয়াগো এরিয়াসও। তিনিও রয়েছেন স্বেচ্ছা-অন্তরীণে। তবে দুজনের শরীরে করোনার কোনো উপসর্গ নেই।
মৌসুম শেষে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়েছিলেন দুজনে। নিয়ম না মেনে বাইরে ঘোরাঘুরির কারণেই তারা করোনায় পজিটিভ হয়েছেন। আন্তর্জাতিক ফুটবল খেলতে যারা নিজ নিজ জাতীয় দলের সঙ্গে রয়েছেন, তাদের বাইরে অ্যাটলেটিকো মাদ্রিদের বাকি খেলোয়াড়দের করোনা পরীক্ষা হয়েছে বৃহস্পতিবার।
সেরেনার জয় : মুগুরুজার বিদায়
ক্রীড়া প্রতিবেদক
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন আসরের ষষ্ঠবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মার্কিন এ কিংবদন্তি হারিয়েছেন রাশিয়ান প্রতিপক্ষ মার্গারিটা গ্যাসপারিয়ানকে।
নিউইয়র্কে সেরেনা রুশ বাধাটা উতরে গেছেন খুব সহজে। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে সরাসরি সেটে ৬-২ ও ৬-৪ গেমে। প্রথম সেটের লড়াইটা খুব সহজেই জিতে যান ৩৮ বছরের এ আমেরিকান তারকা। কিন্তু দ্বিতীয় সেটে তিনি খানিকটা কঠিন লড়াইয়ের মুখোমুখি হন। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী গার্বিন মুগুরুজা। স্প্যানিশ মেগাস্টার সরাসরি সেটে ৭-৫ ও ৬-৩ গেমে হার মানেন বুলগেরিয়ার সোভেতানা পিরোনকোভার কাছে। আসর থেকে ছিটকে গেছেন বৃটেনের জোহান্না কোন্টাও। রোমানিয়ার সোরানা কির্স্টিয়ার কাছে তিনি ধরাশায়ী হন ২-৬, ৭-৬ (৭-৫) ও ৬-৪ গেমে।
হেরে বিদায় নিলেন অ্যান্ডি মারে
ক্রীড়া প্রতিবেদক
প্রথম রাউন্ডের বাধাটা অ্যান্ডি মারে উতরে গিয়ে ছিলেন দাপটের সঙ্গে। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সেই প্রতাপ দেখাতে পারলেন না। যে কারণে জয়ও ধরা দেয়নি তার হাতে। ফেলিক্স আগার-অ্যালিয়াসিমের কাছে হেরে বিদায় নিয়েছেন ইউএস ওপেন থেকে।
কানাডিয়ান প্রতিপক্ষ ফেলিক্স আগার-অ্যালিয়াসিমের কাছে ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে ধরাশায়ী হন ব্রিটিশ সুপারস্টার মারে। আগার-অ্যালিয়াসিম তৃতীয় রাউন্ডে মোকাবেলা করবেন মারের স্বদেশী ড্যান ইভান্স বা ফ্রান্সের করেন্তিন মউতেতের বিপক্ষে। অ্যান্ডি মারে এখন নজর দিবেন পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি ওপর। রোলাঁ গারোতে টুর্নামেন্টটি শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর থেকে। মারের সঙ্গে আসর থেকে বিদায় নিয়েছেন কানাডার মিলোস রাওনিচও। তবে তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। পরের ম্যাচে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েম।
ক্রিকেটকে বিদায় বললেন অনিয়ন্স
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা থমকে ছিল অনেক দিন থেকেই। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে যাচ্ছিলেন গ্রাহাম অনিয়ন্স। এবার শেষ হলো সেই অধ্যায়ও। পিঠের চোট আর দীর্ঘায়িত হতে দিল না তার ক্যারিয়ার। ১৬ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ইংলিশ পেসার।
ইংল্যান্ডের চলতি মৌসুমের ঘরোয়া বড় দৈর্ঘ্যরে টুর্নামেন্ট বব উইলিস ট্রফি শুরুর আগে এই চোট পেয়েছিলেন অনিয়ন্স। চিকিৎসকের পরামর্শেই গতকাল শুক্রবার অবসরের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। পিঠের চোটের কারণে খুব সমৃদ্ধ হয়নি তার আন্তর্জাতিক ক্যারিয়ারও। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৯ টেস্ট খেলে অনিয়ন্স উইকেট নেন ৩২টি। অভিষেকটা হয়েছিল আলো ঝলমলে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে নাম তুলেছিলেন লর্ডসের অনার্স বোর্ডে। ছিলেন ২০০৯ সালে ইংল্যান্ডের অ্যাশেজ পুনরুদ্ধার করা দলেও।











































